বিশ্বনাথে কমিটি গঠনের আগে ছাত্রদলে বাড়ছে কোন্দল
বিএনপির নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রায় আড়াই বছর পর শুরু হয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া।
ইলিয়াসপত্নী ও জেলা বিএনপির সদস্য তাহসিনা রুশদীর তত্ত্বাবধানে চলছে এই প্রক্রিয়া। নতুন কমিটিতে স্থান করে নিতে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পড়েছেন নেতা-কর্মীরা।
ছাত্রদল সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৪ অক্টোবর ইলিয়াস আলীর উপস্থিতিতে ঘোষণা করা হয় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি। গত ২৩ নভেম্বরে সে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। তৃণমূল ছাত্রনেতাদের অভিযোগ, সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় এলাকায় ছিলেন না এবং বিভিন্ন আন্দোলনেও নিষ্ক্রিয় ছিলেন এমন অনেকে ইলিয়াসপত্নী ও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার চেষ্টা করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণ সম্পাদক পদপ্রার্থী খালেদ আহমদ এক সন্তানের জনক।
সভাপতি পদপ্রার্থী আমির আলী ও আরেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ ফরিদ বিবাহিত। পদপ্রত্যাশীরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে প্রতি রাতেই বিশ্বনাথ বাজারে আলাদা আলাদাভাবে মহড়া দেন। ইলিয়াস আলীর সন্ধান দাবিতেও তাঁরা আলাদাভাবে মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল করছেন।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন বলেন, রুশদীর নির্দেশে উপজেলা ছাত্রদলের কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। যেকোনো দিন কমিটি ঘোষণা করা হতে পারে।
তৃণমূল নেতা-কর্মীদের দাবি, সরকারবিরোধী ও নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান দাবির আন্দোলনকে শক্তিশালী করতে হলে প্রকৃত ছাত্র ও ত্যাগী নেতা-কর্মীদের কমিটিতে স্থান দিতে হবে। তবে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী বলেন, জেলা ও মহানগর কমিটি গঠনের পর কর্মী সম্মেলনের মাধ্যমে অন্যান্য উপজেলার মতো বিশ্বনাথেও ছাত্রদলের কমিটি গঠন করা হবে।
তাহসিনা রুশদি বলেন, বিলুপ্ত কমিটিতে থাকা নেতাদের এ কমিটিতে মূল্যায়ন করা হবে। তবে ছাত্রদলে কোন্দল নেই, নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে বলে দাবি করেন সভাপতি পদপ্রার্থী শাহ আমির উদ্দিন।