বিশ্বনাথে ছাত্রদলের কার্যক্রম স্থগিত, তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পঞ্চম দিনেই গত শুক্রবার সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ ছাড়া কার বা কাদের দেওয়া তালিকা অনুযায়ী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল, তা অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, ছাত্রদলের একাধিক পক্ষের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে গত শুক্রবার রাতে নতুন আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করেন উপজেলা বিএনপির নেতারা। এ ছাড়া ছাত্রদলের আহ্বায়ক কমিটির তালিকা কে বা কারা প্রণয়ন করেছেন, তা অনুসন্ধানে উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন জেলা বিএনপির সদস্য সুহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম কছির, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক হাজি আবদুল হাই, বশির আহমদ ও সাংগঠনিক সম্পাদক কবির হোসেন।

২২ ডিসেম্বর রাতে ইলিয়াস পত্নী ও জেলা বিএনপির সদস্য তাহসিনা রুশদীর সার্বিক তত্ত্বাবধানে জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ ও সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী ওই কমিটি ঘোষণা করেন। নবঘোষিত কমিটি বাতিলের দাবিতে ওই দিন রাতেই উপজেলা বিএনপির কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী খালেদ মিয়া পক্ষের নেতা-কর্মীরা। পরের দিন বিকেলে ঝাড়ু মিছিল ও সভা করেন সভাপতি পদপ্রার্থী শাহ আমির উদ্দিন পক্ষের নেতা-কর্মীরা।

উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, নিজেদের কর্মকাণ্ডের জন্য শুক্রবার রাতে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির জরুরি সভায় এসে দুঃখ প্রকাশ করেছেন শাহ আমির উদ্দিন ও খালেদ মিয়া। শাহ আমির উদ্দিন ও খালেদ মিয়া বলেন, খালেদা জিয়া ঘোষিত কর্মসূচি ও নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান দাবির আন্দোলনকে গতিশীল করতে ছাত্রদলের নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাই ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি বাতিল করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলে ছাত্রদলই উপকৃত হবে।

কবির হোসেন জানান, উত্তেজনা রোধ করতেই কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ ছাড়া কার বা কাদের দেওয়া তালিকা অনুযায়ী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল, তা অনুসন্ধানে ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।