বিশ্বনেতাদের কাছে নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান ও শোলাকিয়ার জঙ্গি হামলার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি এবং সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের জোরালো অঙ্গীকার বিশ্বনেতাদের কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ ও ১৬ জুলাই মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে অনুষ্ঠেয় ১১তম আসেম (এশিয়া-ইউরোপ মিটিং) শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি জাপান, ইতালিসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকের সময় এই অবস্থান তুলে ধরবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ জুলাই তিন দিনের সফরে মঙ্গোলিয়া যাবেন। এবারের শীর্ষ সম্মেলনে কানেকটিভিটি মূল প্রতিপাদ্য। শীর্ষ সম্মেলনের ঘোষণার পাশাপাশি বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের মাত্রা বেড়ে যাওয়ায় সন্ত্রাসবাদ নিয়ে একটি আলাদা ঘোষণা আসতে পারে। শীর্ষ সম্মেলনের ফাঁকে শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, ইতালির প্রধানমন্ত্রী মাতিও রেনজি, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মিয়ানমারের প্রেসিডেন্ট থিন খিউ ও ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট জঁ ক্লদ জাঙ্কারসহ বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করবেন। জাপান ও ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার আলোচনায় সংগত কারণেই আসবে গুলশানে হামলা-পরবর্তী পরিস্থিতি। এ ক্ষেত্রে সন্ত্রাসবাদ নিয়ে তাঁর সরকারের অবস্থান ও গৃহীত পদক্ষেপ তুলে ধরবেন শেখ হাসিনা। কূটনৈতিক সূত্র বলেছে, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকের সময় প্রধানমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে তাঁর সরকারের জোরালো অবস্থানের কথা জানাবেন। সেই সঙ্গে বিদেশি নাগরিক ও তাঁদের বিনিয়োগ সুরক্ষার জন্য বাংলাদেশের সর্বাত্মক চেষ্টার বিষয়ে আশ্বস্ত করবেন।
কূটনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর ঢাকায় ও রংপুরে যথাক্রমে ইতালি ও জাপানের নাগরিক সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হন। এবার গুলশানে হামলায় খুন হওয়া নাগরিকদের মধ্যে এই দুই দেশের নাগরিকদের সংখ্যাই বেশি। এটি কাকতালীয়, নাকি ইতালি ও জাপানের নাগরিকদের হত্যার লক্ষ্যবস্তুতে পরিণত করছে সন্ত্রাসীরা—এ নিয়ে দুই দেশের উদ্বেগ আছে। বিষয়টি যে কাকতালীয়ভাবে ঘটছে, সরকারের পক্ষ থেকে একাধিকবার তাঁদের এটি বলা হয়েছে। আসেম শীর্ষ সম্মেলনের ফাঁকে এ প্রসঙ্গ এলে একই অবস্থান তুলে ধরবে বাংলাদেশ।