বিশ্বব্যাংকের ক্ষমা চাওয়া উচিত: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের কাছে বিশ্বব্যাংকের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ রোববার ভোলা সদরে ব্যাংক এশিয়া মিলনায়তনে কৃষকদের মধ্যে কৃষি কার্ড (এগ্রিকালচার কার্ড) বিতরণকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমন মন্তব্য করেন।
আয়োজক সূত্র জানা যায়, কৃষি কার্ড (এগ্রিকালচার কার্ড) হচ্ছে ইউএসআইডির কৃষি সম্প্রসারণ সহযোগিতা। ভোলার এক হাজার তৃণমূল কৃষকের মধ্যে এ কার্ড বিতরণ করা হচ্ছে। এ কার্ডের মাধ্যমে বেসরকারি সংস্থা ‘গ্রামীণ জন-উন্নয়নের’ সহযোগিতায় ব্যাংক এশিয়া থেকে কৃষকেরা সহজ শর্তে ও কম সুদে ঋণ পাবেন।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘পদ্মা সেতু নিয়ে যে কলঙ্কের বোঝা বাংলাদেশের ওপর চাপানো হয়েছে। এখন কোর্টে প্রমাণিত হয়েছে বাংলাদেশ সরকার কোনো অপরাধ করেনি, বরং বিশ্বব্যাংক অপরাধ করেছে। এখন সব মহলে দাবি, বিশ্বব্যাংকের ক্ষমা চাওয়া উচিত।’
এ সময় মন্ত্রী বলেন, পাকিস্তানি একজন লেখক একাত্তর নিয়ে একটি বই লিখেছেন, যে বইতে পাকিস্তান গণহত্যার দোষ চাপিয়েছে বাঙালিদের ওপর। তিনি বলেন, ‘আমরা আশা করছি, ২৫ মার্চ “গণহত্যা দিবস” পালন করব। সে লক্ষ্যে জাতীয় সংসদে একটি সিদ্ধান্ত নিতে চলেছি।’
এ ছাড়া ভোলা জেলার উন্নয়নের বিষয়েও বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ভোলার উন্নয়নে দুটি কাজ অসমাপ্ত রয়েছে। একটি নদীভাঙন প্রতিরোধ, অন্যটি ভোলা-বরিশাল সেতু নির্মাণ। ভাঙন প্রতিরোধ কাজ শুরু হয়েছে। অন্যটি বাস্তবায়নে ১৪ ফেব্রুয়ারি একনেকের বৈঠকে ভোলা-বরিশাল সেতুর কথা তুলেছিলাম। আশা করছি, বর্তমান সরকারের আমলেই সেতুর কাজ শুরু হবে। তখন ভোলা আর বিচ্ছিন্ন দ্বীপ থাকবে না, মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত হবে। সরকার ভোলায় ৪৮৪ দশমিক ৫ মেগাওয়া বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
ব্যাংক এশিয়ার কৃষি কার্ড বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সাংসদ আলী আজম মুকুল, ব্যাংক এশিয়ার চেয়ারম্যান আ. রউফ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাখাওয়াত রহমান, এ এম নুরুল ইসলাম চৌধুরী, বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এম হোসেন প্রমুখ।