বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। সম্প্রতি উপজেলা বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এর পরিপ্রেক্ষিতে জেলা কমিটির পক্ষ থেকে সংগঠনের কার্যক্রম স্থগিত করা হয়।

গত বুধবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক হারুনুর রশিদ এবং আহ্বায়ক কমিটির প্রথম সদস্য মো. আবদুল হককে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট বিকেলে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে উপজেলা সদরের প্রেসক্লাবের সামনে প্রস্তুতি সভা ডাকেন হারুনুর রশিদের সমর্থক নেতা-কর্মীরা। একই সময় উপজেলা সদরের নতুনপাড়া এলাকায় আরেকটি প্রস্তুতি সভা ডাকেন আবদুল হকের সমর্থকেরা। একই সময়ে আবদুল হক নেতা-কর্মীদের নিয়ে ওই সভায় যাওয়ার সময় প্রেসক্লাবের সামনের সড়কে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আবদুল হকসহ পাঁচজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় গত মঙ্গলবার আবদুল হকের সমর্থক উপজেলা ছাত্রদলের নেতা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে হারুনুর রশিদসহ ১১ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন।