বিশ্বাসঘাতকদের স্থান আওয়ামী লীগে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু সারা জীবন সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, মৃত্যুবরণ করেছেন। তবুও বিশ্বাসঘাতকতা করেননি। সেই আদর্শের দল আওয়ামী লীগ। আওয়ামী লীগে বিশ্বাসঘাতকদের কোনো স্থান নেই।
গতকাল শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, দপ্তর সম্পাদক আবদুল মান্নান খান, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন, মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক প্রমুখ।
প্রথম অধিবেশন শেষে ক্যাপ্টেন আবদুল হালিম মিলনায়তনে দ্বিতীয় অধিবেশন শুরু হয় সন্ধ্যা সাড়ে ছয়টায়। সেখানে সভাপতি পদে গোলাম মহিউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে কাউন্সিলরদের ভোটে আবদুস সালাম নির্বাচিত হন।