সৌদি আরবে ওমরাহ পালনের পাশাপাশি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। ঢাকা মহানগর কমিটি, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক অবস্থা, আগামী দিনের আন্দোলন নিয়ে মা-ছেলের মধ্যে আলোচনা হয়েছে বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে।
তবে খালেদা জিয়ার সফরসঙ্গীদের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, সৌদি আরব যাওয়ার পর খালেদা জিয়া ও তারেক রহমানের মধ্যে একান্তে একাধিকবার আলোচনা হয়েছে। আলোচনার বিষয়বস্তু বা সিদ্ধান্তের বিষয়ে পুরোপুরি জানেন না তাঁদের সঙ্গে সফরে থাকা ব্যক্তিরা।
খালেদা জিয়ার একজন সফরসঙ্গী প্রথম আলোকে বলেন, ওমরাহ পালনের লক্ষ্যে সৌদি আরবে এ সফরে ধর্মীয় আচারের বাইরে দীর্ঘদিন পর মা-ছেলের মিলনকে কেন্দ্র করে পারিবারিক আলোচনা দৃশ্যমান ছিল। তবে কিছু রাজনৈতিক আলোচনাও তাঁদের দুজনের মধ্যে হয়েছে। খাবার টেবিলে অনেক সময় রাজনৈতিক কথাবার্তা হয়েছে।
এই সফরসঙ্গী দাবি করেন, এমন একটি আলোচনার সময় তিনিও খাবার টেবিলে ছিলেন। তখন ঢাকা মহানগর কমিটি নিয়ে আলোচনা ওঠে। এ সময় তারেক রহমান বলেন, নতুন কমিটি কি আসলে কিছু করতে পারবে? আন্দোলন-সংগ্রাম কতটুকু সফল করতে পারবে? এক মাসের মধ্যে কি সম্মেলন করা সম্ভব?
আরেকজন সফরসঙ্গী বলেন, সৌদি আরব পৌঁছানোর পর প্রথম দুদিনে খালেদা জিয়া ও তারেক রহমানের মধ্যে একাধিক দফা একান্তে আলোচনা হয়েছে। তিনি উপস্থিত না থাকলেও এসব বৈঠক আয়োজনে সহযোগিতা করেন। তাঁর ধারণা, দলের দুই শীর্ষ নেতার মধ্যে আগামী দিনের আন্দোলনের কৌশল ও রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে ঈদের পর স্থায়ী কমিটি ও জোটের সভায় আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
সফরের বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের সফরসঙ্গী ও তাঁর প্রেস সচিব মারুফ কামাল খান প্রথম আলোকে বলেন, সৌদি আরবের আতিথেয়তায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দুজনেই মুগ্ধ হয়েছেন। সফরে রাজনীতির চেয়ে ওমরাহ তথা ধর্মীয় বিষয়টিই ছিল মূল। তবে অনিবার্যভাবে কিছু রাজনৈতিক বিষয়ও দুজনের আলোচনায় এসেছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ১৯ জুলাই রাতে ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন। লন্ডন থেকে স্ত্রী-সন্তানসহ তারেক রহমানও একই দিন সৌদি আরবে পৌঁছান এবং মায়ের সঙ্গে ওমরাহ পালন করেন। গত শনিবার রাতে দেশে ফেরেন খালেদা জিয়া।