বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মেয়র আরিফুল
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী হঠাৎ বুকে ব্যথা নিয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হৃদ্রোগজনিত সমস্যায় ভুগছেন। ২০১৪ সালে তাঁর হৃদ্রোগ জনিত সমস্যার কারণে অস্ত্রোপচার করা হয়েছিল। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে তাঁকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম। তিনি বলেন, সিলেট নগরের উন্নয়নকাজ পরিদর্শন করতে সকাল সাতটায় তিনি বাসা থেকে বের হয়েছিলেন। সকালের নাশতাও বাইরে করেছেন। সকাল নয়টার দিকে চৌহাট্টা-জিন্দাবাজার এলাকার উন্নয়নকাজ পর্যবেক্ষণের সময় তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। কিছুটা সময় পেরিয়ে গেলেও অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে সিলেট নগরের দরগাহ এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর ইসিজি ও ইকো করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালেই আছেন। মেয়রের আগে থেকেই হৃদ্রোগের সমস্যা আছে। তিনি নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকেন।