বুদ্ধিজীবীদের বড় অংশ শাসকগোষ্ঠীর স্বার্থ হাসিল করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক এমাজউদ্দীন
আহমদ—ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদের মতো বুদ্ধিজীবীরা সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে কথা বলেন। তাঁরা বর্তমান সময়ের মতো শাসকগোষ্ঠীর তোষণ করেন না।

আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক এমাজউদ্দীন আহমদের ৮৯তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এমাজউদ্দীন আহমদ রিসার্চ সেন্টার এ সেমিনার আয়োজন করে।

সেমিনারে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ এমাজউদ্দীন আহমদকে নিয়ে স্মৃতিচারণা করে বলেন, তাঁর অসমাপ্ত কাজ এগিয়ে নিতে হবে।

বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনব্যবস্থা নিয়ে আবদুর রউফ বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা স্থায়ী কোনো সমাধান নয়। ক্ষমতা জনগণের কাছে দিতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু ভোট প্রয়োজন। কিন্তু নির্বাচনব্যবস্থায় ভোটার ও নির্বাচন কমিশনের মধ্যে তৃতীয় কোনো হাত থাকলে নির্বাচন সুষ্ঠু হয় না।

শিক্ষাপ্রতিষ্ঠানে গণতন্ত্র নিয়ে পড়ানোর কথা নতুন করে ভাবতে বলেন বিচারপতি আবদুর রউফ। এ ছাড়া মেধা বিকাশ ও দক্ষ মানবশক্তি গড়ে তোলার ওপর জোর দেওয়ার কথাও বলেন তিনি।

সেমিনারে লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারউল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশকে এখন আর গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় না। গণতন্ত্রের পরিবর্তে দেশে একনায়কতন্ত্রের উন্মেষ ঘটেছে। এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে যে স্বল্পসংখ্যক বুদ্ধিজীবী সোচ্চার হয়েছিলেন, তাঁদের মধ্যে অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ছিলেন অন্যতম।

আনোয়ারউল্লাহ চৌধুরী আরও বলেন, বর্তমানে বুদ্ধিজীবীদের একটা বড় অংশ শাসক শ্রেণির স্বার্থ হাসিল করে চলেছে। তারা শাসকগোষ্ঠীর সন্তুষ্টিবিধান করেই তৃপ্ত হয়। এমন পরিস্থিতিতে অল্প কিছু বুদ্ধিজীবীই ন্যায় ও সত্যের পক্ষে অবস্থান নেন। এমাজউদ্দীনের মতো বুদ্ধিজীবীরা বৃহত্তর জনগোষ্ঠীর পক্ষে কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান আসিফ নজরুল বলেন, এমাজউদ্দীন মানুষ ও দেশ নিয়ে চিন্তা করতেন। তিনি একজন বাংলাদেশপন্থী বুদ্ধিজীবী ছিলেন। অনেক বুদ্ধিজীবী এখন পদলেহনে ব্যস্ত, কিন্তু তিনি তা ছিলেন না।
এমাজউদ্দীন আহমদের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক দিল রওশন জিন্নাত আরা বলেন, তাঁর বাবা সারা জীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। দেশ এখন বন্দী অবস্থায়, এই বন্দিদশা থেকে মুক্ত হওয়ার স্বপ্ন দেখতেন তাঁর বাবা।

সেমিনারে কবি আবদুল হাই শিকদার বলেন, বাংলাদেশে এখন মানবিকতার ছিটেফোঁটা নেই। দেশে বৈপ্লবিক পরিবর্তন দরকার, সেটি না আনতে পারলে আরও দুর্ভোগ আছে। এমাজউদ্দীন আহমদ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারতেন। কোনো চাতুরতা তাঁকে স্পর্শ করেনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল লতিফের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক লুৎফর রহমান, এমাজউদ্দীন আহমদের ছেলে জিয়া হাসান ইবনে আহমদ, লেখক আবুল কাসেম হায়দার প্রমুখ।