বুধ ও বৃহস্পতিবার নওয়াপাড়ায় হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগ নেতা মোল্যা ওলিয়ার রহমান হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সদরের নওয়াপাড়ায় আগামী বুধ ও বৃহস্পতিবার হরতালের ডাক দেওয়া হয়েছে। গতকাল রোববার নওয়াপাড়ার নূরবাগে এক সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
রোববার বিকেলে নূরবাগ এলাকায় যশোর-খুলনা মহাসড়কের ওপর ‘ওলিয়ার রহমান হত্যার বিচারের দাবিতে সংগ্রাম কমিটি’ সমাবেশের আয়োজন করে। কমিটির আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মালেকের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।
আবদুল মালেক বলেন, ওলিয়ার রহমানের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও পরিকল্পনাকারীদের নাম প্রকাশের দাবিতে আগামী বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল পালিত হবে। এর পরও প্রশাসন ব্যর্থ হলে নওয়াপাড়াসহ গোটা অভয়নগর উপজেলা অচল করে দেওয়া হবে। পাশাপাশি কিছু ব্যক্তিকে অভয়নগরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা নুরুল হক মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক সানা আবদুল মান্নান প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার অভয়নগর প্রতিনিধি, ১২টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদ এবং নওয়াপাড়া ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ওলিয়ার রহমানকে (৬২) গত ২৩ নভেম্বর উপজেলা পরিষদের কাছে নওয়াপাড়া বাইপাস সড়কে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।