বুধবার বিক্ষোভ, বৃহস্পতিবার ২৪ ঘণ্টার হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাগাতার অবরোধের সঙ্গে আগামী বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। সিটি করপোরেশন নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগর হরতাল কর্মসূচির আওতামুক্ত থাকবে।

এ ছাড়া বুধবার সারা দেশে জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সব মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে জোটটি।
আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সব কর্মসূচির ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ। সোমবার থেকে জোটের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের শেষ দিন আজ। কাল বুধবার হরতাল নেই। এদিন সারা দেশে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘অন্যান্য কর্মসূচি পরিবর্তিত হলেও ২০-দলীয় জোট নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ ২০-দলীয় জোটের গুম হওয়া বিরোধী নেতা-কর্মীদের অবিলম্বে সুস্থ ও অক্ষত অবস্থায় ফেরত দান, ২০-দলীয় জোটের কারান্তরীণ শীর্ষ নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতা-কর্মীদের মুক্তি, গণগ্রেপ্তারসহ মামলা হামলা বন্ধ করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে সংসদ নির্বাচনের দাবিতে চলমান অবরোধের পাশাপাশি ১ এপ্রিল বুধবার জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল হবে।’ এ ছাড়া একই দাবিতে চলমান অবরোধের পাশাপাশি আগামী বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালিত হবে। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী হরতালের আওতামুক্ত থাকবে।

বিবৃতিতে দাবি করা হয়েছে, অবৈধ সরকারের একগুঁয়েমি ও বাকশালী নীতির কারণে দেশের ভবিষ্যৎ কোন দিকে গড়াবে তা নিয়ে গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে আপামর জনসাধারণ। দেশ ও বিদেশে যখন বাংলাদেশের শাসকগোষ্ঠীর অবৈধ, লুটপাট, দুর্নীতি ও রাষ্ট্রীয় সন্ত্রাসী নীতি নিয়ে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করা হচ্ছে তখন সরকারের বধির মনোভাব দেশকে আরও বেশি সংকটাপন্ন করে তুলছে। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত বিরোধী স্থানীয় জনপ্রতিনিধিদের বিভিন্ন মিথ্যা ও বানোয়াট মামলায় ফাঁসিয়ে পদ থেকে অবৈধভাবে সরিয়ে তাদের স্থলে সরকারের আজ্ঞাবহ প্রতিনিধিদের পদায়ণ করা হচ্ছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, বিরোধী দলীয় স্থানীয় জনপ্রতিনিধিরা ‘মিথ্যা’ মামলায় অভিযুক্ত হয়ে কেউ কারাগারে আবার কেউবা প্রাণভয়ে আত্মগোপনে; অন্যদিকে ভোটবিহীন নির্বাচনী প্রহসনের প্রতিনিধিরা সংসদে বসে দম্ভ করছে, এটা গণতন্ত্রের সঙ্গে নিষ্ঠুর মশকরা ছাড়া আর কিছুই নয়। মুক্তিযুদ্ধের চেতনার কথা আউড়িয়ে সরকার মূলত মুক্তিযুদ্ধের চেতনার পবিত্রতাকেই নস্যাৎ করতে তৎপর। সরকারের বিভিন্ন অনৈতিক, অমানবিক ও সাংবিধানিক নীতি-আদর্শ বিবর্জিত কর্মকাণ্ড দেশের মহাদুর্যোগের কারণ। ২০-দলীয় জোট এবং দেশবাসী আশা করে-সরকার আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনকে নির্বিঘ্নে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সচেষ্ট হবে এবং নির্বাচন কমিশন নিরপেক্ষতার পরিচয় দিয়ে দেশের গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে যথাযথ ভূমিকা পালন করবে। তার ব্যত্যয় ঘটলে জাতি তার অধিকার আদায়ে পথ খুঁজে নিতে বাধ্য হবে।

সোমবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে কুপিয়ে হত্যার ঘটনায় ২০-দলীয় জোট গভীর উদ্বেগ করছে এবং এই নারকীয় ঘটনায় প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিবৃতিতে।