বুধবার মহানগর পশ্চিম ছাত্রদলের বিক্ষোভ
রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আগামী বুধবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। রাজধানীর তেজগাঁও থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় গত বৃহস্পতিবার তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার ঢাকা মহানগর পশ্চিমের আওতাধীন সব থানা ও শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ছাত্রদল।
উল্লেখ্য, ২০১৫ সালের ৮ জানুয়ারি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ইটিভির তৎকালীন চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়। তেজগাঁও থানায় এসআই বোরহান উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় বলা হয়, ২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া কিছু বক্তব্য ইটিভি সরাসরি প্রচার করে। এরপর ৬ জানুয়ারি তেজগাঁও থানা-পুলিশ তারেক রহমান ও আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে ৮ জানুয়ারি রাষ্ট্রদ্রোহের ওই মামলা করা হয়। মামলায় পরস্পর যোগসাজশে রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সদস্যদের উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
ওই মামলায় গত ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।