বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) ‘স্বাধীনতাবিরোধীদের অভয়ারণ্য’ হিসেবে অভিহিত করেছেন। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।
বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি শুভ্র জ্যোতি টিকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদের বহিষ্কারের আদেশ প্রত্যাহারের দাবিতে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বদিউজ্জামান বলেন, ‘বুয়েটের শিক্ষক সমিতি শিক্ষকদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার পরিবর্তে জামায়াত-শিবির ও জঙ্গিগোষ্ঠীর পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে বুয়েটকে আজ স্বাধীনতাবিরোধীদের অভয়ারণ্যে পরিণত করেছে। তারা সেখানে জামায়াত-শিবিরের জঙ্গিবাদী কর্মকাণ্ড বিস্তারের ক্ষেত্রে প্রত্যক্ষ ভূমিকা রাখছে।’
সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, বুয়েট শিক্ষক সমিতি আজ বুয়েট জামায়াতি শাখায় পরিণত হয়েছে। বুয়েট ক্যাম্পাসকে তারা মৌলবাদী গোষ্ঠীর অবাধে বিচরণের ক্ষেত্রে পরিণত করেছে। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সভাপতিত্ব করেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করাকে ‘অবিচার’ হিসেবে উল্লেখ করে ফেসবুকে মন্তব্য করায় সম্প্রতি বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক জাহাঙ্গীর আলমকে লাঞ্ছিত করেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এ ঘটনায় গত ২০ এপ্রিল বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি শুভ্র জ্যোতি টিকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদকে আজীবনের জন্য বহিষ্কার করে বুয়েট কর্তৃপক্ষ।