বুয়েটে ছাত্রলীগের কর্মসূচি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখার সভাপতি শুভ্রজ্যোতি টিকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদ কনকের বহিষ্কারাদেশের বিরুদ্ধে হাইকোর্ট রুল দেওয়ায় নিজেদের কর্মসূচি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

আজ মঙ্গলবার ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক মহামান্য হাইকোর্টের নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল বুয়েটের প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি স্থগিত করা হইল।’

বুয়েট ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ চারজনকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দিতে গতকাল সোমবার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গতকাল বুয়েটের শহীদ মিনারে দিনব্যাপী গণসংহতি ও সমাবেশে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান শিক্ষক জাহাঙ্গীর আলমকে অপসারণ ও শিক্ষার্থীদের বহিষ্কারের আদেশ প্রত্যাহার করতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন। তা না হলে বুধবার সকাল ১০টায় বুয়েটের প্রশাসনিক ভবন ঘেরাওয়ের ঘোষণা দেন তিনি।

গত ১২ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা নিয়ে ফেসবুকে মন্তব্য করেন বুয়েটের পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম। এর জের ধরে পরদিন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা ওই শিক্ষককে লাঞ্ছিত করেন। পরে এ নিয়ে তদন্ত কমিটি করে বুয়েট।

গত ১৯ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় বুয়েট ছাত্রলীগের সভাপতি শুভ্র জ্যোতি টিকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদকে আজীবন বহিষ্কার করা হয়। এ ছাড়া প্রতীক দত্তকে এক বছরের জন্য ও গোলাম সাকলাইনকে হল থেকে বহিষ্কার করা হয়। সিন্ডিকেটের ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ওই চার শিক্ষার্থী।

এদিকে, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফয়জুল্লাহ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে (আইসিটি অ্যাক্ট) শিক্ষক জাহাঙ্গীর আলমকে আসামি করে একটি মামলা করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানতে চাইলে বলেন, তাঁকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। তিনি একজন সম্মানিত শিক্ষক। তাঁকে গ্রেপ্তারের সিদ্ধান্ত দেবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।