বুয়েট শিক্ষকের কুশপুতুল পোড়াল ছাত্রলীগ
জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির সমালোচনা করায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলমের কুশপুতুল পুড়িয়েছে বুয়েট শাখা ছাত্রলীগ।
গতকাল রোববার বুয়েটের প্রধান ফটকের সামনে এ কুশপুতুল পোড়ানো হয়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই শিক্ষকের অপসারণ ও আজীবন বহিষ্কৃত ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চার শিক্ষার্থীর শাস্তির আদেশ প্রত্যাহারের দাবি জানান। ২৯ এপ্রিলের মধ্যে শিক্ষককে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা করবে ছাত্র সংগঠনটি। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এর আগে শনিবার এসব দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন তাঁরা।
গত ১১ এপ্রিল রাতে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়াকে ‘অবিচার’ বলে ফেসবুকে মন্তব্য করেন ওই শিক্ষক। পরদিন তাঁকে নিজ কক্ষে লাঞ্ছিত করেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। ওই শিক্ষককে টেনে-হিঁচড়ে ক্যাফেটেরিয়ার সামনে নিয়ে যান তাঁরা।
এর পরিপ্রেক্ষিতে গত ২০ এপ্রিল বুয়েটের শৃঙ্খলা পর্ষদের (ডিসিপ্লিনারি বোর্ড) সভায় বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি শুভ্র জ্যোতি টিকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদকে আজীবন বহিষ্কার করা হয়। এ ছাড়া তড়িৎকৌশল বিভাগের শিক্ষার্থী প্রতীক দত্তকে এক বছরের জন্য, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের রাতুল সাকলাইনকে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়।