বুয়েটে প্রচারপত্র বিলিতে বাধা, ছাত্রলীগ বলছে গুজব
বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্র জোটের কেন্দ্রীয় নেতারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রচারপত্র বিলি করতে গিয়ে ছাত্রলীগের বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন। ছাত্রলীগের অনুমতি ছাড়া ক্যাম্পাসে প্রচারপত্র বিলি করে ভুল করেছেন—এমন মুচলেকা আদায়ের চেষ্টা করে ছাত্র জোটের নেতাদের প্রায় দেড় ঘণ্টা আটকে রাখা হয়। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে তাঁরা ছাড়া পান।
আজ শনিবার দুপুরে বুয়েট ক্যাফেটেরিয়ায় এ ঘটনা ঘটে। তবে ছাত্রলীগ এই ঘটনাকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জিএম জিলানী প্রথম আলোকে বলেন, ‘আগামীকাল রোববার আমরা সন্ত্রাস ও দখলদারি মুক্ত ক্যাম্পাস এবং কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্রদের মুক্তির দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেব। এই উপলক্ষেই বুয়েটে আমরা লিফলেট বিলি করছিলাম। কিন্তু ছাত্রলীগের ছেলেরা এসে জানতে চান, আমাদের এখানে কোনো কমিটি আছে কি না, অনুমতি ছাড়া কেন এসেছি ইত্যাদি। এমনকি আমাদের মুচলেকা দিতেও বলেন।’
জোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘আমরা ৮-১০ জন বুয়েটের শহীদ মিনার এলাকায় লিফলেট বিতরণ করছিলাম। খবর পেয়ে ছাত্রলীগের ১৫-২০ জন এসে আমাদের বলতে থাকেন, লিফলেটে লিখেছেন সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস চান, বুয়েটে তো কোনো সন্ত্রাসী নেই। তাঁরা আমাদের ক্যাফেটেরিয়ায় নিয়ে যান। সেখানে বুয়েট ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এসে আমাদের লিখিত দিতে বলেন যে, আমরা ভুল করেছি। আমরা কেউ বুয়েটের ছাত্র না, তাদের অনুমতি ছাড়া আমরা কেন সেখানে গিয়েছি।’ তিনি বলেন, ‘আমরা তাঁদের বোঝানোর চেষ্টা করলাম যে, কোনো সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চাইলে যেকোনো ক্যাম্পাসে যেতে পারেন। কিন্তু তাঁরা সেটা মানছিলেন না। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে আমাদের ছেড়ে দেওয়া হয়।’
এ সময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় নেতারাও ছিলেন।
জানতে চাইলে ছাত্রলীগের বুয়েট শাখার সভাপতি জামিউস সানী প্রথম আলোকে বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি। এটা গুজব। তাঁরা এসেছিলেন, একটু আগে চলেও গেলেন। আমরা তাঁদের সঙ্গে কথাবার্তা বলেছি, আড্ডা দিয়েছি। তাঁরাও আমাদের সঙ্গে ভালোভাবেই কথা বললেন, হাসাহাসি হয়েছে।’ কী আলোচনা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, ‘কাল তাঁদের একটা কর্মসূচি আছে। সেখানে কি হবে, কি করতে চান সেগুলোই কথা হয়েছে।’
ছাত্রলীগের বিদায়ী কমিটির কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এমন কোনো ঘটনা আমার জানা নাই। এমন কোনো ঘটনা ঘটেনি।’ জোটের নেতারা এমন অভিযোগ করছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘এখন আমি যদি বলি তারা আমাদের নেতা-কর্মীদের অপমান করেছেন, তাহলে আপনি কি নিউজ করতে পারবেন?’