বৃহত্তর আন্দোলনের লক্ষ্যে এই পিছু হটা: মির্জা ফখরুল
বৃহত্তর আন্দোলনের লক্ষ্যে কৌশলগত কারণে বিএনপি গাজীপুরে সমাবেশ করা থেকে পিছু হটেছিল বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এই মন্তব্য করেন। কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপির এই নেতা।
গত শনিবার গাজীপুরে জনসভা করার ঘোষণা দিয়েছিল বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। ছাত্রলীগও এই দিন একই জায়গায় সমাবেশ করার ঘোষণা দেয়। বিএনপি বলেছিল, যেকোনো মূল্যে তারা সমাবেশ করবে। পাল্টা-সমাবেশের ঘোষণার পরিপ্রেক্ষিতে গাজীপুরে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। পরে সমাবেশ থেকে পিছু হটে গাজীপুরে হরতাল ও সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, ‘আন্দোলনের বিভিন্ন পর্যায় আছে, কৌশল আছে, স্তর আছে। একটি রাজনৈতিক দল তার এসব কৌশল নিয়েই কাজ করে। সব সময় আপনারা যেভাবে ভাবেন, সেভাবে না-ও হতে পারে। কৌশলের কারণ বিভিন্ন রকম হতে পারে। বৃহত্তর আন্দোলনের জন্য কৌশলগতভাবে সেদিনকার সিদ্ধান্ত হয়েছে।’
দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে লেবার পার্টির ঢাকা মহানগর শাখার কাউন্সিলে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের নেতাদের মুখের ভাষা শুনলে মনে হয় তারা একেকজন মানসিক বিকারগ্রস্ত। কেউ নেড়ি কুত্তার মতো পেটাতে চায়, কেউ হাত-পা ভেঙে দিতে চায়, কেউ চামড়া তুলে নিতে চায়।’ সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল অভিযোগ করেন, বর্তমান সরকার যা করছে, তা পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানাচ্ছে। তাঁর দাবি, সরকার প্রতিনিয়ত ইতিহাস বিকৃত করছে। মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করছে।
মির্জা ফখরুল জানান, দেশ অত্যন্ত কঠিন সময় পার করছে। স্বাধীনতার ৪৩ বছরে অনেক চড়াই-উতরাই হয়েছে। ক্ষমতার পালাবদল হয়েছে। কিন্তু এখনকার মতো এত কঠিন সময় কখনো পার করতে হয়নি।
অনুষ্ঠানে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ অন্যদের মধ্যে বক্তব্য দেন।