বৃহত্তর চট্টগ্রাম থেকে ঠাঁই হলো ছয়জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে বৃহত্তর চট্টগ্রাম থেকে আরও তিনজন অন্তর্ভুক্ত হয়েছেন। ২২ ও ২৩ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলের পর তিন দফায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে আগের কমিটি থেকে বাদ পড়েছেন দুজন।
গতকাল শনিবার ঘোষিত আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে বৃহত্তর চট্টগ্রাম থেকে সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার সদস্য পদে, আওয়ামী লীগের বিদায়ী কমিটির সদস্য আমিনুল ইসলাম উপপ্রচার সম্পাদক পদে এবং তরুণ আইনজীবী বিপ্লব বড়ুয়া সদস্য পদে জায়গা পেয়েছেন।
এর আগে মন্ত্রী মোশাররফ হোসেন সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জ্যেষ্ঠ ছেলে মহিবুল হাসান চৌধুরী সাংগঠনিক সম্পাদক পদে জায়গা পান। মোশাররফ হোসেন ও হাছান মাহমুদ বিদায়ী কমিটিতেও একই পদে ছিলেন।
গতকাল ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পাননি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এবং ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন বীর বাহাদুর এবং সদস্য ছিলেন সাইফুজ্জামান চৌধুরী।
দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের নতুন কমিটিতে বৃহত্তর চট্টগ্রামের নতুন মুখ হলেন মহিবুল হাসান চৌধুরী, দীপঙ্কর তালুকদার ও বিপ্লব বড়ুয়া। দীপঙ্কর তালুকদার রাঙামাটির পরিচিত মুখ এবং ২০০৯-১৪ মেয়াদে আওয়ামী লীগ সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। ২০১৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পরাজিত হন। নতুন কমিটির সদস্য বিপ্লব বড়ুয়া লোহাগাড়ার বাসিন্দা। তবে চট্টগ্রামে তিনি ততটা পরিচিত নন।
গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রতিক্রিয়া জানতে চাইলে বিপ্লব বড়ুয়া প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়া অত্যন্ত গর্বের।
নতুন কমিটির উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের সদস্য ছিলাম। এখন উপপ্রচার সম্পাদক হয়েছি। এখন দায়িত্ব অনেক বেড়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী যে গুরুদায়িত্ব দিয়েছেন, তা পালন করতে সক্ষম হব বলে আশা করছি।’
দলের কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়া ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘একজন ব্যক্তি সব দায়িত্ব নিয়ে থাকলে চলবে না। সবাইকে সুযোগ দিতে হবে। আমি সরকারের প্রতিমন্ত্রী। রাষ্ট্রের জন্য আমি কাজ করছি। মন্ত্রী হয়ে দলের জন্যও আমার ভূমিকা থাকবে। তবে যাঁরা কমিটিতে এসেছেন, তাঁরা দলের সাংগঠনিক কাঠামো আরও মজবুত করতে ভূমিকা রাখবেন।’