বৃহস্পতিবারও জামায়াতের হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে পরদিন শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। এ ছাড়া বুধবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে কুখ্যাত গুপ্তঘাতক আলবদর বাহিনীর অন্যতম অধিনায়ক, চট্টগ্রাম গণহত্যার হোতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে দলটি ওই হরতাল ডাকে।

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে জানান, আগামী মঙ্গলবার পবিত্র আশুরার ছুটি। ওই দিন আলোচনা ও জামায়াতের নেতাদের মুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত হবে। পরদিন বুধবার মীর কাসেম আলীকে ‘হত্যা’র সরকারি ষড়যন্ত্র এবং গতকাল শনিবার দেশব্যাপী ভয়াবহ বিদ্যুৎবিপর্যয়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে পরদিন শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টা হরতাল হবে।

আজ রোববার সকাল থেকে সারা দেশে জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি চলছে। দুই দিনের বিরতির পর আজ থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত এই হরতাল চলবে।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বুধবার মৃত্যুদণ্ডের রায় দেন। এই রায়ের প্রতিবাদে বৃহস্পতি, রবি ও সোমবার ৭২ ঘণ্টার হরতাল দেয় জামায়াত।
প্রথম দফায় বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল ছিল। ওই দিনের হরতাল ছিল ঢিলেঢালা।
আজ ভোর ছয়টা থেকে দ্বিতীয় দফার হরতালের কর্মসূচি শুরু হলো। আজ বেলা দুইটা পর্যন্ত দেশের কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় রাজধানী ঢাকাসহ কয়েকটি জেলা শহরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে।