বেঁচে থাকতে চাইলে মানুষ পোড়ানো থামাও: জয়

বেঁচে থাকতে চাইলে বিএনপি-জামায়াতকে মানুষ পোড়ানো থামাতে বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে সুচিন্তা ফাউন্ডেশন নামের একটি সংগঠনের ‘সন্ত্রাস বনাম রাজনীতি’ শীর্ষক আলোচনায় জয় এ কথা বলেন।
বিএনপি-জামায়াতের উদ্দেশে সজীব ওয়াজেদ বলেন, ‘এত দিন সরকার চেষ্টা করছে গ্রেপ্তার করতে, থামাতে। ৫০ জনের ওপরে মানুষের প্রাণহানি হয়েছে। ২০০ জনের ওপরে আহত হয়েছে। আমরা আর সন্ত্রাস সহ্য করতে রাজি না।’ তিনি বলেন, ‘সন্ত্রাসীদের, এই বিএনপি-জামায়াতের উদ্দেশে বলতে চাই, তোমরা থামো। না হলে পুলিশ তোমাদের আক্রমণ করবে। তোমরা যদি বেঁচে থাকতে চাও, তাহলে মানুষ পোড়ানো থামাও। না হলে আমরা তোমাদের ধরবই। সেটা জ্যন্ত হোক বা যেভাবেই হোক। বাংলার মানুষকে আমরা নিরাপদ রাখব। আর যারা মানুষকে আইএসের মতো পুড়িয়ে মারে, তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না।’
সুশীল সমাজের প্রতিনিধিদের উদ্দেশ করে সজীব ওয়াজেদ বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী সংলাপের জন্য ফোন করার পরও তারা রাস্তায় নেমেছিল। সংলাপ করলে কি এই সংঘর্ষ থেমে যাবে? এটা তো এক বছর আগে থামেনি। তাহলে আমাদের সুশীল সমাজ আমাকে বুঝাক, এখন সংলাপ করলে কী লাভ?’ তিনি বলেন, ‘বিভিন্ন জরিপে বলা হচ্ছে, মানুষ শান্তিতে আছে, নির্বাচন হলে আওয়ামী লীগ বিপুল ভোটে জিতবে। আমার প্রশ্ন, এখন যদি আবারও নির্বাচন হয়, তাহলে তো আওয়ামী লীগ জিতবে। এতে কি বিএনপি চুপ হয়ে যাবে? না মেনে নেবে? না অগ্নিসংযোগ থেমে যাবে? যদি তা না হয়, তাহলে সংলাপ করে কী লাভ?’
জয় বলেন, ‘অনেকে বলছেন, সংলাপ করলে সংঘর্ষ থেমে যাবে। আমি মনে করি, এটা করলে তারা আরও বেশি সন্ত্রাস করবে। আরও এনকারেজ (উৎসাহী) হবে। তারা ভাববে, মানুষ মেরে তো কাজ হচ্ছে। তারা এটা আরও বেশি করবে। ফলে এ সংঘর্ষ কখনো থামবে না।’
সজীব ওয়াজেদ বলেন, ‘আজকে দুটি খবরের কাগজে মাত্র একটি ছোট খবর পড়লাম। একটি ডেইলি স্টার, আরেকটি ইনডিপেনডেন্ট। আমাদের দেশে ইংরেজি পত্রিকা কারা পড়ে? উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, যারা সুশীল তারাই পড়ে। তো, সেখানে একটা খবর করেছে তারা। সেখানে লেখা হয়েছে, যারা পুলিশের গুলিতে নিহত হয়েছে, তারা সন্ত্রাসী না, জামায়াত-শিবির। তাদের ক্রসফায়ারে মারা হয়েছে। এই যে অগ্নিসংযোগ করা হচ্ছে, এটা কারা করছে? এ পর্যন্ত যারা পেট্রলবোমাসহ ধরা খেয়েছে, সবাই তো বিএনপি-জামায়াত।’ তিনি বলেন, ‘আমি আপনাদের বলব, এই যে সন্ত্রাসীরা পুলিশের ওপর আক্রমণ করতে গিয়ে গুলিতে মারা যাচ্ছে, তাদের জন্য ডেইলি স্টার হা হা করছে। সন্ত্রাসীদের প্রাণের জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। তাহলে তাদের উদ্দেশ্য কী? এই সন্ত্রাসীদের বাঁচানো?’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইনামুল হক, সাংবাদিক আবেদ খান, সংগীতশিল্পী মিতা হক, সুচিন্তা ফাউন্ডেশনের আহ্বায়ক মোহাম্মদ এ আরাফাত।