বেছে বেছে হত্যা নিয়ে ১৪ দলের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে একের পর এক বেছে বেছে হত্যার ঘটনায় উদ্বিগ্ন ক্ষমতাসীন জোট ১৪ দল। হত্যাকাণ্ড বন্ধ ও খুনিদের ধরার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতায় তারা নাখোশ। যেকোনো মূল্যে এই হত্যাকাণ্ড বন্ধ চায় তারা।
গুপ্তহত্যার বিষয়ে করণীয় ঠিক করতে গত শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক হয়। সেখানেই ১৪ দলের একাধিক শরিক দলের নেতারা তাদের উদ্বেগের কথা জানিয়ে সরকারের বিভিন্ন বিভাগকে আরও তৎপর হওয়ার ওপর জোর দেন। উপস্থিত একাধিক সূত্র জানায়, বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল বেছে বেছে হত্যার ঘটনা। বৈঠক চলা অবস্থায় পাবনায় এক সেবাশ্রমের সেবক হত্যাকাণ্ডের শিকার হওয়ার খবর আসে। এরপর আর অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।
গতকাল শনিবার ১৪ দলের একাধিক নেতা প্রথম আলোকে বলেন, সরকারের ভেতরে থেকে তো সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যায় না। বরং সমস্যাটার গুরুত্ব তুলে ধরা এবং সে অনুযায়ী ব্যবস্থা বাতলে দেওয়াই মূল উদ্দেশ্য। শুক্রবারের বৈঠকে সেটাই করা হয়েছে। ওই নেতারা আরও বলেন, একটা গুপ্তহত্যা হওয়ার পর কিছুদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। এরপরই আবার তারা কিছুটা ঝিমিয়ে পড়ে। আর গোয়েন্দা বাহিনীগুলোর সক্ষমতা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে ১৪ দলের নেতারা বোঝাতে চান যে জনগণ তাদের সঙ্গে আছে। তারা একা নয়। এ জন্যই ১৪ দল জঙ্গিবাদবিরোধী জনমত গঠনে কর্মসূচি ঘোষণা করেছে।
জানতে চাইলে জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গুপ্তহত্যার মাধ্যমে যেভাবে
আতঙ্ক ছড়ানো হচ্ছে, তা বন্ধে সরকারকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা বলেছেন তাঁরা। এসব গুপ্তহত্যা বন্ধে প্রশাসনিক উদ্যোগ ও রাজনৈতিক কর্মসূচি—দুটিই নিতে হবে।
গত শুক্রবারের বৈঠকে ১৯ জুন দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে ১৪ দল। এ ছাড়া আসন্ন ঈদুল ফিতরের পর ১৪ দলের নেতাদের সারা দেশ সফর এবং পথে পথে সভা-সমাবেশ করারও প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে উপস্থিত সূত্র জানায়, গুপ্তহত্যাকারীদের ধরতে পুলিশ আগে ঘোষণা দিয়ে যে অভিযান শুরু করেছে, সেটির সমালোচনা করেন শরিক দলের এক নেতা। ওই নেতা বলেন, এই অভিযান শেষমেশ অনেকটাই গ্রেপ্তার-বাণিজ্যে রূপ নেয়। তাই এদিকে খেয়াল করতে হবে।
কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান বলেন, গুপ্তহত্যা বন্ধে সরকারকে আরও কঠোর হতে হবে—এ বার্তাই দেওয়া হয়েছে ১৪ দলের পক্ষ থেকে। আর ১৪ দল রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে।