বেড়া পৌর আ. লীগের কমিটিও সমঝোতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত সমঝোতার ভিত্তিতে পাবনার বেড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। কাউন্সিলরদের ভোটে পৌর কমিটি গঠন করার কথা থাকলেও প্রার্থীদের মধ্যে সমঝোতা হওয়ায় গত বৃহস্পতিবার সভাপতি পদে আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম পুনর্নির্বাচিত হন।
দলের নেতা-কর্মীরা জানান, ২৯ নভেম্বর বেড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মতামতের ভিত্তিতে উপজেলা কমিটি গঠন করা গেলেও পৌর কমিটি গঠন নিয়ে চরম মতভেদ দেখা দেয়। শেষ পর্যন্ত কাউন্সিলরদের ভোটে পৌর কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে সেদিনের মতো সম্মেলন শেষ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী গত বৃহস্পতিবার কাউন্সিলরদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার কথা ছিল। কিন্তু গত দুই-তিন দিনে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের মধ্যস্থতায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সমঝোতার উদ্দেশ্যে একাধিকবার বৈঠকে বসেন।
বৈঠকে সমঝোতার ভিত্তিতে আগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককেই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার বেলা তিনটায় ২০৪ জন কাউন্সিলর ও তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সামনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।