পাবনার বেড়া উপজেলা এখন বিএনপির নেতা-কর্মীশূন্য। গ্রেপ্তার-আতঙ্কে স্থানীয় নেতা-কর্মীদের বেশির ভাগই গা ঢাকা দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলার কোথাও বিশেষ করে পৌর এলাকায় দলটির নেতা-কর্মীদের প্রকাশ্যে দেখা যাচ্ছে না।
এসব নেতা-কর্মী ২০-২২ দিন ধরে ব্যবসা-বাণিজ্যসহ কাজকর্ম ফেলে এলাকাছাড়া হয়ে রয়েছেন। এ অবস্থায় হরতাল-অবরোধ কর্মসূচি পালনের পক্ষে কেউই মাঠে নেই। উপজেলার কোথাও হরতাল-অবরোধ পালন হতে দেখা যাচ্ছে না।
নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ১ জানুয়ারি বেড়া পৌর এলাকায় বিএনপির মিছিল থেকে আওয়ামী লীগের বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সংঘর্ষ ও দোকানপাট ভাঙচুর হয়। এ ঘটনায় বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়। প্রথম দিনেই (১ জানুয়ারি) পুলিশ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করলে নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক ভর করে। ৫ জানুয়ারির পর অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা করা হলে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের জন্য আরও তৎপর হয়ে ওঠে। এতে নেতা-কর্মীরা দ্রুত গা ঢাকা দিতে শুরু করেন। বেশির ভাগ নেতা-কর্মী পরিবার-পরিজন ও ব্যবসা-বাণিজ্য ফেলে এলাকাছাড়া হন।
বেড়া বাজারের ব্যবসায়ীরা জানান, ব্যবসার সঙ্গে জড়িত বিএনপির বেশির ভাগ নেতাই বেশ কিছুদিন ধরে দোকানে বসছেন না। কেউ কেউ কর্মচারী অথবা আত্মীয়দের দোকানে বসিয়ে মুঠোফোনের মাধ্যমে ব্যবসা চালাচ্ছেন। কেউ কেউ আবার দোকান বন্ধ রেখেছেন।
পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে খোঁজ করে পৌর বিএনপির অসুস্থ এক নেতা ছাড়া আর কোনো নেতাকে চোখে পড়েনি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা বলেন, ‘বেড়ায় বিএনপির নেতা-কর্মীরা কী অবস্থায় আছেন, তা তো আপনারা সবই দেখছেন, সবই বুঝছেন। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।’
এদিকে সরেজমিনে ঘুরে দেখা গেছে, টানা অবরোধ ও কয়েক দফার আঞ্চলিক হরতালে উপজেলার কোথাও কোনো সাড়া নেই। মানুষের দূরপাল্লায় যাতায়াতে দুর্ভোগ ছাড়া উপজেলার সার্বিক পরিস্থিতি প্রায় স্বাভাবিক রয়েছে। উপজেলার মধ্য দিয়ে যাওয়া মহাসড়কে শুধু বাস চলাচল বন্ধ থাকলেও প্রচুর ট্রাক চলাচল করছে। আর নছিমন-করিমন, সিএনজিচালিত অটোরিকশা, লেগুনাসহ অন্যান্য যানবাহন স্বাভাবিকের চেয়ে বরং বেশিই চলছে। অবরোধ শুরু হওয়ার পর থেকে বিএনপির নেতা-কর্মীদের কোথাও পিকেটিং করা তো দূরের কথা, ছোটখাটো মিছিল করতেও দেখা যায়নি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রইজউদ্দিন মুঠোফোনে বলেন, ‘আমরা (নেতা-কর্মীরা) চরম পুলিশি হয়রানির মধ্যে রয়েছি। নেতা-কর্মীদের পাওয়া মাত্রই পুলিশ গ্রেপ্তার করে বিভিন্ন মামলায় জড়িয়ে দিচ্ছে। এ অবস্থায় বেশির ভাগ নেতা-কর্মীকেই এলাকা থেকে সরে থাকতে হচ্ছে। আর আমরা শান্তিপূর্ণ নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছি। প্রথম দিকে দু-একটি পালন করা গেলেও পুলিশি বাধা ও হয়রানির কারণে পরে আর করা যায়নি।’
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘পুলিশ রাজনৈতিক বিবেচনায় কাউকেই হয়রানি করছে না। এ পর্যন্ত সাত-আটজনকে গ্রেপ্তার করা হলেও তা করা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার ভিত্তিতে। কেউ নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করলে বা এ ধরনের কাজের সঙ্গে জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না। তা সে যে দলেরই হোক না কেন।’