পাবনার বেড়া উপজেলা বিএনপির তৃণমূল পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে ৩১ আগস্ট। এ সম্মেলনকে ঘিরে জেগে উঠেছেন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।
নেতা-কর্মী সূত্র জানায়, চলতি বছরের ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া তিন মাসের আন্দোলনের পর বেড়া উপজেলা বিএনপির নেতা-কর্মীরা অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েন। আন্দোলন চলাকালে বেশ কিছু নেতা-কর্মীর নামে মামলা হয়। পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলহাজতেও যেতে হয় অনেক নেতা-কর্মীকে। পুলিশি হয়রানির আশঙ্কায় বেশির ভাগ নেতা-কর্মীই এলাকা ছেড়ে গা ঢাকা দেন। আন্দোলন শেষ হওয়ার পরবর্তী তিন-চার মাস পরও এ অবস্থা বজায় থাকে। এর ফলে মাস খানেক আগ পর্যন্ত নেতা-কর্মীদের নিষ্ক্রিয় অবস্থায় দেখা যায়।
তবে বর্তমানে সেই অবস্থা অনেকটাই পাল্টেছে। এলাকাছাড়া নেতা-কর্মীদের বেশির ভাগই ফিরে এসেছেন। যাঁদের নামে মামলা ছিল তাঁদের অনেকেই জামিন পেয়েছেন। জেলহাজত থেকেও জামিন নিয়ে ফিরেছেন অনেকে।
এ অবস্থায় ৩১ আগস্ট থেকে বেড়া উপজেলায় শুরু হয়েছে তৃণমূল পর্যায়ের সম্মেলন। ইতিমধ্যেই উপজেলার ৮১টি ওয়ার্ডের মধ্যে ৮০টি ওয়ার্ডের সম্মেলন শেষ হয়েছে। শুধু রূপপুর ইউনিয়নের চরপাড়া ওয়ার্ডটিতে গোলযোগের কারণে সম্মেলন করা যায়নি। পরে সেখানে সম্মেলন অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
ওয়ার্ড পর্যায়ের সম্মেলন শেষে উপজেলার চাকলা ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে গত শুক্রবার থেকে শুরু হয়েছে ইউনিয়ন পর্যায়ের সম্মেলন। ওই ইউনিয়নের সম্মেলনে আবদুর রাজ্জাক প্রামাণিক সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে রাত হয়ে যাওয়ায় সাধারণ সম্পাদক পদে কাউকে নির্বাচিত করা যায়নি। পরে ওই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল রোববার অনুষ্ঠিত হয় নতুনভারেঙ্গা ইউনিয়নের সম্মেলন।
গতকাল রোববার নতুনভারেঙ্গা ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে আবদুস সামাদ নির্বাচিত হন। আজ সোমবার পুরানভারেঙ্গা ইউনিয়নে ও আগামীকাল মঙ্গলবার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঈদুল আজহার আগেই নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার সম্মেলন অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত প্রতিটি সম্মেলনেই নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল। এ ছাড়া সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীরা যেমন চাঙা হয়ে উঠছেন তেমনি তাঁরা ফিরে পাচ্ছেন আত্মবিশ্বাস।
বেড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রইজউদ্দিন বলেন, ‘ভয়ভীতি উপেক্ষা করে প্রতিটি সম্মেলনেই প্রচুর নেতা-কর্মী উপস্থিত হচ্ছেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমরা অভিভূত। ইতিমধ্যেই আমাদের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আর ঈদুল আজহার আগেই আমরা উপজেলা সম্মেলন অনুষ্ঠানের পরিকল্পনা করেছি।’