বেনাপোলে সাংসদ-মেয়রের পক্ষে ছাত্রলীগের দুই কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>* শুক্রবার সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করে পৌর মেয়র আশরাফুলের অনুসারী পক্ষ * একই দিন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পাল্টা কমিটির ঘোষণা দেন সাংসদ আফিলের অনুসারীরা

স্থানীয় সাংসদ ও পৌরসভার মেয়রের পৃষ্ঠপোষকতায় যশোরের বেনাপোল পৌর ছাত্রলীগের পাল্টাপাল্টি কমিটি গঠিত হয়েছে। এ নিয়ে শহরে পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ হওয়ায় রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে।

স্থানীয় রাজনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার বেনাপোল স্থলবন্দর–সংলগ্ন মহাসড়কের ওপর বেনাপোল পৌর ছাত্রলীগের সম্মেলন করা হয়। এ সম্মেলন থেকে মো. আসাদুজ্জামানকে সভাপতি ও নূর ইসলামকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের ৫১ সদস্যবিশিষ্ট পৌর কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আনোয়ার হোসেন ও আহসান হাবীব, যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসাইন। এ কমিটির নেতা-কর্মীরা শুক্রবারই বেনাপোল শহরে মিছিল ও সমাবেশ করেন।
শার্শা ছাত্রলীগের নেতা আকুল হোসাইন প্রথম আলোকে বলেন, গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলন করে ‘হ্যাঁ-না’ ভোটাভুটির মাধ্যমে পৌর ছাত্রলীগের এ কমিটি গঠন করা হয়েছে।
তবে ছাত্রলীগের ওই সম্মেলনে যোগ দেননি যশোর-১ (শার্শা) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আফিল উদ্দীন, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম এবং শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রহিম সরদার। পরে সাংসদ আফিল উদ্দীনের পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম ও আবদুর রহিম মিলে বেনাপোল পৌর ছাত্রলীগের পাল্টা একটি কমিটি ঘোষণা করেন। গত শুক্রবারই এ কমিটি গঠন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ কমিটিতে সভাপতি করা হয়েছে আল মামুনকে; সাধারণ সম্পাদক হয়েছেন তৌহিদুর রহমান। এ কমিটির নেতা-কর্মীরা গত শনিবার ও গতকাল রোববার বেনাপোল শহরে মিছিল ও সমাবেশ করেছেন।
পৌর মেয়র-সমর্থিত ছাত্রলীগের অংশটি বলছে, সম্মেলনে আসার জন্য স্থানীয় সাংসদ আফিল উদ্দীন ও শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রহিমকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তাঁরা সম্মেলনে না গিয়ে মনগড়া পাল্টা কমিটি দিয়েছেন, যা স্থানীয় রাজনীতিতে উত্তাপ বাড়াচ্ছে।
তবে ছাত্রলীগ নেতা আবদুর রহিম সরদার প্রথম আলোকে বলেন, ‘পৌর কমিটির সম্মেলন দিতে হলে স্থানীয় সাংসদ ও উপজেলা কমিটির সভাপতিকে অবশ্যই জানাতে হয়। কিন্তু আমাকে ও সাংসদ আফিল উদ্দীনকে জানানো হয়নি। এমনকি সম্মেলনে আমন্ত্রণও জানানো হয়নি। এটি গঠনতন্ত্রবিরোধী। এ কারণে জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম বেনাপোল পৌর ছাত্রলীগের পাল্টা কমিটি দিয়েছেন।’
এর আগে শার্শা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের সময়েও পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়। সেখানেই মেয়র লিটন ও সাংসদ আফিল উদ্দীনের মধ্যে দ্বন্দ্বের প্রকাশ ঘটে। দুটি কমিটিরই সভাপতি আবদুর রহিম। কিন্তু সাধারণ সম্পাদক পদে দুজনের নাম ঘোষণা করা হয়।