দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের পণ্যগুদামে গত রোববার ভোরের অগ্নিকাণ্ডে ১৩৭টি পণ্যের চালান পুড়ে গেছে। এতে ক্ষতির আর্থিক অঙ্ক অন্তত ১৮ কোটি ৫০ লাখ টাকা।
অগ্নিকাণ্ডের ঘটনায় গঠন করা তদন্ত কমিটির প্রধান নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাফায়েত হোসেন গতকাল বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য জানান।
সাফায়েত হোসেন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। চূড়ান্ত প্রতিবেদন এখনো মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গেছে।
মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্য ও যশোর জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুন্ডু প্রথম আলোকে বলেন, ১৯৭৩ সালে বেনাপোল স্থলবন্দর চালু হওয়ার পর থেকে যে হারে আমদানি-রপ্তানি বাণিজ্য বেড়েছে, সেই হারে অবকাঠামোগত উন্নয়ন হয়নি। এ কারণে বন্দরে যানজট-জনযট লেগে থাকে। তিনি বলেন, রাসায়নিক দ্রব্যের গুদামে অন্যান্য পণ্য রাখা হয়। একটি রাসায়নিকের সঙ্গে আরেকটি রাসায়নিক মেশালে অনেক সময় আগুন ধরতে পারে।