বেপরোয়া না হতে ছাত্রলীগকে পরামর্শ মন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের নেতা-কর্মীদের বেপরোয়া রাজনীতি থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, শুধু শিক্ষাঙ্গন বা পরিবেশ আবর্জনামুক্ত নয়, ছাত্ররাজনীতিকেও পরিচ্ছন্ন রাখতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় ছাত্রলীগের ‘ক্লিন ক্যাম্পাস অ্যান্ড সেইফ ক্যাম্পাস’ কর্মসূচির উদ্বোধনকালে গতকাল সোমবার দুপুরে মন্ত্রী এসব কথা বলেন।
ছাত্রলীগের এই সাবেক সভাপতি বলেন, ‘গুটি কয়েক নেতা-কর্মীর জন্য পুরো সংগঠন কখনো বদনামের ভাগিদার হতে পারে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনালি অর্জন বৃথা যেতে পারে না। তাই শুধু শিক্ষাঙ্গন বা পরিবেশ আবর্জনামুক্ত রাখা নয়, পরিচ্ছন্ন রাখতে হবে ছাত্ররাজনীতিকেও।’
ওবায়দুল কাদের বলেন, ‘বেপরোয়া চালক দুর্ঘটনা ঘটায়। বেপরোয়া রাজনীতিও বেপরোয়া চালকের মতোই ধ্বংসাত্মক। তোমরা কেউ বেপরোয়া হবে না।’
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মী ও হল পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকেরা বক্তব্য দেন।
পরে মন্ত্রী ঝাড়ু দিয়ে কলা ভবনের প্রধান ফটকের সামনের স্থানটি পরিষ্কার করেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা হলভিত্তিক বিভিন্ন দলে বিভক্ত হয়ে পুরো ক্যাম্পাসে পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরীফ ঝাড়ু হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন। ৭ ডিসেম্বর পর্যন্ত সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ কর্মসূচি চলবে।