
পাকিস্তানের বেলুচিস্তান প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি যা বলেছেন, তা সমর্থন করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সন্ত্রাসের প্রশ্নে পাকিস্তানের ‘ট্র্যাক রেকর্ড’ অত্যন্ত খারাপ। বরাবরই তাদের চরিত্র আক্রমণাত্মক। বাংলাদেশে সন্ত্রাসীদের মদদ দেওয়ার কারণে তাদের কূটনীতিকদের তাড়িয়ে পর্যন্ত দিতে হয়েছে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হাসানুল হক ইনু। বাংলাদেশ ও ভারতের বেতার এবং টেলিভিশনে দুদেশের খবর ও অনুষ্ঠান সম্প্রচারের বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির স্বাধীনতা দিবসে গত সোমবার দেওয়া ভাষণে নরেন্দ্র মোদি জানান, পাকিস্তানের প্রতি তাঁর সরকারের নীতিমালা কঠোর করা হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের জন্য দেশটিকে দায়ী করে মোদি বলেন, এসব এলাকার সমস্যার দিকে মনোনিবেশ ও পাকিস্তানকে হুঁশিয়ার করায় সেখানকার জনগণ তাঁকে ধন্যবাদ দিয়েছেন। ভারতে সন্ত্রাসবাদে উসকানি দেওয়ার জন্যও ভাষণে ইসলামাবাদের দিকে আঙুল তোলেন মোদি।
প্রধানত সন্ত্রাস প্রশ্নে এ বছর ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলনের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। গতকাল সংবাদ সম্মেলনে এ নিয়ে এক প্রশ্নের জবাবে হাসানুল হক বলেন, সার্কের একটা ধারাবাহিকতা আছে। এটি বজায় থাকা উচিত। তবে সন্ত্রাসের প্রশ্নটিও উপেক্ষার নয়। শীর্ষ সম্মেলনে নিরাপত্তার বিষয়টি পাকিস্তানকেই ঠিক করতে হবে।
বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, তদন্তে দেখা গেছে, অপরাধীদের ৯০ শতাংশের সঙ্গে জামায়াতের সংস্রব রয়েছে। জামায়াতপন্থীরা ’৭১-এর স্বাধীনতাসংগ্রামের বিরোধিতা করেছিল। তারা বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে। বাংলাদেশের বিরুদ্ধে। পাকিস্তান এদের সব রকম মদদ দেয়। এ বিষয়ে তাদের ট্র্যাক রেকর্ড অত্যন্ত খারাপ।
সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় বাংলাদেশ ও ভারতের তথ্য মন্ত্রণালয়ের যৌথভাবে কী কী করা প্রয়োজন, তা খতিয়ে দেখাই তথ্যমন্ত্রীর ভারত সফরের লক্ষ্য। এ নিয়ে ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে তিনি দীর্ঘ বৈঠক করেছেন।
বৈঠক প্রসঙ্গে হাসানুল হক বলেন, উপমহাদেশে এ মুহূর্তে সবচেয়ে বড় বিপদ সন্ত্রাসবাদ। সন্ত্রাসীরা ভুল তথ্য প্রচার করে জনমন প্রভাবিত করে, ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে মানুষকে বিপথগামী করে, ইতিহাসের বিকৃতি ঘটায় ও সাম্প্রদায়িকতা ছড়ায়। এর মোকাবিলায় দুই দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন। সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর পন্থা প্রসঙ্গে তিনি বলেন, এ লক্ষ্যে তথ্যের অবাধ আদান-প্রদানে দুই দেশের মধ্যে একটা সমঝোতা স্মারক সই হবে। একটি ওয়ার্কিং গ্রুপ হবে। তথ্য মন্ত্রণালয়ের অধীন থাকা প্রচারমাধ্যমগুলোর মধ্যে নিরন্তর যোগাযোগ রাখা হবে।
বৈঠকে ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ২০২১ সালে মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে দুটি তথ্যচিত্র তৈরির কথা ঠিক হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ বেতার ও টেলিভিশন এবং আকাশবাণী ও দূরদর্শনে বিশেষ সময়ে অন্য দেশের খবর ও অনুষ্ঠান সম্প্রচারের বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাসস ও পিটিআইয়ের মধ্যে তথ্যের আদান-প্রদান হবে। বন্ধ থাকা দুই দেশের চলচ্চিত্র উৎসব নতুনভাবে শুরু করা হবে।
তথ্যমন্ত্রী আরও বলেন, সহযোগিতা বাড়ানো হবে দুই দেশের চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের মধ্যেও। তৈরি হবে যৌথ প্রযোজনায় নতুন সিনেমা। ধর্মের অপব্যাখ্যা রুখতে প্রচার করা হবে ধর্মের প্রকৃত ব্যাখ্যা।
বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল ভারতে দেখানো বিষয়ে ভারতের মন্ত্রী ভেঙ্কাইয়াকে হাসানুল হক বলেছেন সার্ক সদস্য দেশগুলোর জন্য কোনো বিশেষ সম্প্রচার ফি ব্যবস্থা করা যায় কি না তা ভেবে দেখতে। এ বিষয়ে বাংলাদেশের জনগণের মনে অনেক দিন ধরেই একটা ক্ষোভ জমা হয়েছে।