বেসরকারি সংস্থাগুলোও তথ্য দেয় না: ইনু

সরকারি দপ্তরগুলোতে তথ্য দেওয়ার ক্ষেত্রে যেমন অনীহা রয়েছে, তেমনি বেসরকারি সংগঠনগুলোও তথ্য দিতে চায় না। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে তথ্য অধিকার আইন নিয়ে এক সেমিনারে এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
হেফাজতে ইসলামের সমাবেশে নিহত লোকজনকে নিয়ে মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিবেদনের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তারা প্রতিবেদন প্রকাশ করার পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য চাওয়া হলে তারা দিতে পারেনি।
উন্নয়ন সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এ সেমিনারের আয়োজন করে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলেপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)। সেমিনারে বক্তারা পাঁচ বছরের অভিজ্ঞতা পর্যালোচনা করে তথ্য অধিকার আইন ২০০৯ হালনাগাদ করা যেতে পারে বলে মত দেন। তাঁরা জনগণের স্বার্থ ও তথ্য পাওয়ার অধিকার অক্ষুণ্ন রেখে একে আরও যুগোপযোগী করা উচিত।
তথ্য অধিকার আইনের ৭ম ধারা নিয়ে এমআরডিআইয়ের একটি ধারণা জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। এই ধারাটির শিরোনাম ‘কতিপয় তথ্য প্রকাশ বা প্রদান বাধ্যতামূলক নয়’। যেসব বিষয়ে তথ্য দেওয়া বাধতামূলক নয়, এ ধারার ২০টি উপধারায় সেসব বিষয় তুলে ধরা হয়েছে।
ধারণা জরিপের ফলাফল তুলে ধরেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। এতে তথ্য সংরক্ষণ পদ্ধতি যুগোপযোগী ও মানসম্পন্ন করা; দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আপিল কর্তৃপক্ষ ও দপ্তরপ্রধানদের সচেতন করা; আইনের বিধিমালা ও প্রবিধানের মাধ্যমে উপধারাগুলোর আরও ব্যাখ্যা দেওয়া; সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোয় তথ্য অবমুক্ত করার নীতিমালা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কিছু ধারা হুবহু বহাল রাখা, কিছু ধারা সমন্বিত করে বহাল রাখা এবং কয়েকটি ধারা বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
সেমিনারের নির্ধারিত আলোচক হিসেবে আলোচনায় সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল বলেন, আইনে কী আছে না আছে, তার চেয়ে যাঁরা একে প্রয়োগ করবেন তাঁদের মনোভাবটাই বড়। আইনে অনেক কিছু থাকলেও প্রায়োগিক দিকে সমস্যা থাকলে কোনো লাভ নেই।
সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম দায়িত্ব পালনকালে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। আইনের ৭ ধারার ব্যবহার করে অনেকেই তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন বলে জানান তিনি। এসব অভিজ্ঞতা থেকে আইনের বিষয়ে ভাবনার অবকাশ রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, তথ্য দেওয়ার ক্ষেত্রে যেমন গোপনীয়তার দিক রয়ে গেছে, তেমনি তথ্য চাওয়ার ক্ষেত্রেও জনগণের এক ধরনের অনীহা রয়ে গেছে। তবে মানুষের মধ্যে তথ্য অধিকারের বিষয়ে কিছুটা হলেও সচেতনতা এসেছে বলে মনে করেন তিনি।
প্রধান তথ্য কমিশনার মো. ফারুক বলেন, আইনটি নিয়ে আরও আলোচনা করা দরকার। চর্চার মাধ্যমেই এর ভুলভ্রান্তি বেরিয়ে আসবে বলে মনে করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আইনটির ৭ ধারা অবাধ তথ্যপ্রবাহের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক নয়। এতে যেসব বিধি-নিষেধ রয়েছে সেগুলো অগণতান্ত্রিক নয়। ধারণা জরিপেও এ বিষয়ে সে ধরনের কোনো সমালোচনা উঠে আসেনি।
তথ্যমন্ত্রী আরও বলেন, আইনটি হালনাগাদ করার সুনির্দিষ্ট প্রস্তাব পেলে মন্ত্রণালয় এ বিষয়ে উদ্যোগ নেবে।
জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদ হোসেনের সঞ্চালনায় এ সেমিনারে আরও বক্তব্য দেন আইনসচিব আবুল সালেহ শেখ মো. জহিরুল ইসলাম, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, সাবেক তথ্য কমিশনার আবু তাহের, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মাসুদ আহমেদ, সাবেক সিএজি আহমেদ আতাউল হাকিম প্রমুখ।