সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার বোধোদয় হয়েছে বলেই তিনি বোমাবাজি ছেড়ে নির্বাচনের মাঠে নেমেছেন। এ বোধোদয় নির্বাচনী কৌশল না হয়ে পার্মানেন্ট (স্থায়ী) হলে ভালো হবে।
মন্ত্রী গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় নির্মাণাধীন উড়ালসেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি সব নির্বাচনেই সরকারের বিরুদ্ধে লেভেল প্লেয়িংয়ের অভিযোগ তুলে থাকে। এবারও দলটি একই অভিযোগ তুলছে।
আওয়ামী লীগকে নির্বাচনমুখী দল দাবি করে ওবায়দুল কাদের বলেন, সরকার বা দল কোনোভাবেই সিটি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবে না। সিটি নির্বাচন নিয়ে কোনো প্রকার বদনাম নেবে না সরকার। এর আগের নয়টি সিটি নির্বাচন যেভাবে হয়েছে, এবারও সেভাবেই হবে।
মন্ত্রী গতকাল কুমিল্লা সেনানিবাস এলাকায় নির্মাণাধীন আন্ডারপাস পরিদর্শন করেন। এ ছাড়া তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।