বোয়ালখালী পৌরসভা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত, আহ্বায়ককে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোয়ালখালী পৌর ছাত্রলীগের আহ্বায়ককে বহিষ্কার ও পৌর ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পৌর আহ্বায়কের বিরুদ্ধে উপজেলা ছাত্রলীগ গতকাল শুক্রবার বিকেলে জরুরি সভা ডেকে এ সিদ্ধান্ত নেয়।
অভিযোগ উঠেছে গত বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল হাসানকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বহিষ্কার হওয়া পৌর ছাত্রলীগের আহ্বায়ক গিয়াস উদ্দিন। তাঁর বিরুদ্ধে জমি দখলের অভিযোগও করেছেন উপজেলা ছাত্রলীগের নেতারা।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মনাফ প্রথম আলোকে জানান, গিয়াস উদ্দিনের বিরুদ্ধে জমি দখল ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল হাসানকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পৌর ছাত্রলীগের কমিটির মেয়াদ ছিল তিন মাসের। কিন্তু এ সময়ের মধ্যে তিনি ওয়ার্ড কমিটি গঠনে ব্যর্থ হন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠায় তাঁকে সংগঠন থেকে বহিষ্কার ও পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
তবে গিয়াসউদ্দিন জানান, সংগঠন থেকে তাঁকে বহিষ্কার করার খবর তিনি জানেন না। সাধারণ সম্পাদককে লাঞ্ছিত করার বিষয়ে তিনি দাবি করেন, বৃহস্পতিবার একটি কলেজের কমিটি গঠন নিয়ে আরিফুল হাসানের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়।