বোয়ালখালীতে সহিংসতায় আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সাতটি ইউনিয়নে গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনে বেশ কয়েকটি কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদেরকে তিন ঘণ্টা আটক করে রাখে বিজিবি। সংঘর্ষের কারণে বন্ধ করে দেওয়া হয় পূর্ব চরণদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ।
সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে গতকাল সকাল ১০টায় প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের জের ধরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে রশিদ আহমদ (৮০), ইউসুফ মিয়া (৫৫) ও নুরুল আবছার (৫৪) ছররা গুলিতে আহত হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাকপুরা ইউনিয়নের কাজীবাড়ি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম শাকপুরা আবদুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করা হলে পুলিশ ৪৮টি রাবার বুলেট ছোড়ে। এতে আহত হন জয়ধন (৫৩) ও মহিউদ্দিন (২২)।
গতকাল ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত আহল্লা কড়লডেঙ্গা ইউনিয়নের কলন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে মৌলভীবাজারের কাছে সন্ত্রাসীরা ৪০-৪৫টি গুলিবর্ষণ করে। ভোট দিতে যাওয়ার সময় দুর্বৃত্তদের হামলায় আহত হন কয়েকজন।
এ ছাড়া পশ্চিম শাকপুরা এলাকায় গতকাল বিকেলে এক প্রার্থীর সমর্থক মো. জাহাঙ্গীর আলমের (৪০) মুখে প্রতিপক্ষের লোকজন জোর করে স্পিরিট ঢেলে দেয়। তাঁকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম শহরে পাঠানো হয়। বোয়ালখালী স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক তাহেরাতুল আশরাফী বলেন, ‘স্পিরিট খাওয়ানোর কারণে ওই লোকের রক্তবমি হয়।’
সরোয়াতলী বেঙ্গুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বর্ণনা দিয়ে স্থানীয় বাসিন্দা আরিফুল হাসান বলেন, ‘৩ নম্বর ওয়ার্ডে ছয়জন সদস্য প্রার্থী রয়েছেন। তিনজন সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে বিরোধের জের ধরে গোলাগুলির ঘটনা ঘটে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলে শুনেছি।’ একই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. সেকান্দর আলী আকন্দ বলেন, ‘কেন্দ্রের বাইরে গুলিবর্ষণ হয়েছে। এতে ভোটের ওপর কোনো প্রভাব পড়েনি।’
সারোয়াতলী ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী নূর মোহাম্মদ গোলাগুলির জন্য আওয়ামী লীগের লোকজনকে দায়ী করেন।
তবে আওয়ামী লীগের প্রার্থী বেলাল হোসেন এ অভিযোগ অস্বীকর করেন।
আহল্লা কড়লডেঙ্গা ইউনিয়নের কলন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে গুলিবর্ষণের ঘটনার জন্য বিএনপির প্রার্থী মো. হামিদুল হক আওয়ামী লীগের প্রার্থী মো. আবদুল ওয়াদুদকে ও তাঁর ভাই আবদুল কাদেরকে দায়ী করেন। আবদুল কাদের জেলা আওয়ামী লীগের নেতা। হামিদুল প্রথম আলোকে বলেন, ‘মৌলভীবাজার এলাকায় ওরা আমাদের ভোটারদের ওপর গুলি চালিয়েছে।’
তবে আওয়ামী লীগের প্রার্থী মো. আবদুল ওয়াদুদ বলেন, ‘হামিদুল বর্তমান চেয়ারম্যান। তিনি এলাকাকে মাদক ব্যবসার কেন্দ্রে পরিণত করেছেন। বরং তাঁর বাহিনী আমাদের লোকজনের ওপর গুলি চালিয়েছে।’
আহল্লা কড়লডেঙ্গা উত্তর ভূর্ষি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকা থেকে গতকাল দুপুরে দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদেরকে বিজিবি আটক করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান বলেন, ‘কাদেরের বিরুদ্ধে গোলযোগ সৃষ্টির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ কারণে তাঁকে ধরে সাড়ে তিন ঘণ্টা আমরা হেফাজতে রাখি।’
বোয়ালখালীর শাকপুরা ইউনিয়নের দুটি কেন্দ্র গতকাল বেলা একটার দিকে দখলের চেষ্টা করা হলে পুলিশ গুলি ছোড়ে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন চৌধুরী জানান।