বেড়ায় আ.লীগের দুই পক্ষের সমাবেশ, ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া পৌর এলাকায় একই স্থানে একই সময় আওয়ামী লীগের দুই পক্ষ সমাবেশ ডাকায় উপজেলা প্রশাসন গতকাল বুধবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত সেখানে ১৪৪ ধারা জারি করেছে। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান এ আদেশ জারি করেন।
জানা যায়, বেড়া পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও উচ্চ আদালতের আদেশে গত ২০ আগস্ট তা স্থগিত করা হয়। ওই নির্বাচনের মেয়র পদপ্রার্থী আমিনুল ইসলাম গতকাল বিকেল চারটায় পৌর এলাকার পায়না সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর নির্বাচনে জনমত তৈরি ও মাদকদ্রব্যবিরোধী গণসচেতনতা বৃদ্ধি বিষয়ে মতবিনিময় সভা আহ্বান করেন। ওই সভায় প্রধান অতিথি হিসেবে সাবেক তথ্য প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যাপক আবু সাইয়িদের উপস্থিত থাকার কথা ছিল। অন্যদিকে একই সময়ে একই স্থানে বেড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান প্রামাণিক দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার ঘোষণায় সরকারকে অভিনন্দন জানাতে মতবিনিময় সভা আহ্বান করেন।
দুই পক্ষের একই স্থানে সভা আহ্বানকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ইউএনও সভাস্থল ও এর আশপাশে ১৪৪ ধারা জারি করেন। গতকাল সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত এই ১৪৪ ধারা বলবৎ থাকার ঘোষণা দিয়ে নোটিশ জারি করা হয়। এ ছাড়া এ বিষয়ে গতকাল বেড়া পৌর এলাকায় মাইকিংও করা হয়।
ইউএনও মিজানুর রহমান বলেন, একই স্থানে দুই পক্ষ সভা আহ্বান করায় ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দেয়। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে প্রতিবেদন পেয়ে ১৪৪ ধারা জারি করা হয়।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. মশিউর রহমান বলেন, দুই পক্ষই ওই স্থানে একই সময়ে সভা করার অনুমতি চেয়ে থানায় আবেদন করে। বিষয়টি নিয়ে তদন্ত করলে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দেয়। বিষয়টি প্রশাসনকে জানানো হলে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি হয়।