বেড়ায় আ.লীগের প্রার্থী বাছাই নিয়ে ভোট
পাবনার বেড়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য গতকাল রোববার তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা ভোট দিয়েছেন। তবে আওয়ামী লীগের নেতারা বিষয়টিকে ‘ভোট’ না বলে ‘মতামত’ বলছেন। এই ভোট বা মতামতের ভিত্তিতে দুই-এক দিনের মধ্যেই দলীয় প্রার্থীর নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানো হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের সূত্রে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই নিয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগ যৌথভাবে বেড়া পৌর কমিউনিটি সেন্টারে একটি সভা আহ্বান করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল বাতেনের সভাপতিত্বে গতকাল বেলা ১১টায় শুরু হওয়া সভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই মনোনয়নপ্রত্যাশী ও তাঁদের সমর্থকদের শপথ করানো হয়। মনোনয়নপ্রত্যাশী ও সমর্থকেরা এই মর্মে শপথ করেন, নির্বাচনে যিনিই দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক পাবেন, তাঁর পক্ষেই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
সভায় উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের প্রতিটিতেই চার থেকে পাঁচজন করে দলীয় মনোনয়ন পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এ অবস্থায় সভায় সিদ্ধান্ত হয়, তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। এরই পরিপ্রেক্ষিতে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের কাছ থেকে ভোট নেওয়ার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী প্রত্যেক ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধিরা ভোট দেন। ভোটের ফলাফলের ভিত্তিতে দলীয় প্রার্থীর নাম কেন্দ্রে প্রস্তাব করে পাঠানো হবে এবং ১৯ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের বলেন, ‘বিষয়টিকে ঠিক ভোট গ্রহণ না বলে মতামত গ্রহণ বলা যায়। আমরা কেন্দ্রের নির্দেশ মোতাবেক আজকের সভায় দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য তৃণমূলের মতামত গ্রহণ করলাম। এই মতামতের ভিত্তিতে আমরা দলীয় প্রার্থীর নাম কেন্দ্রে প্রস্তাব করে পাঠাব। কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে তা-ই চূড়ান্ত।’
উল্লেখ্য, বেড়া উপজেলায় প্রথম দফায় অর্থাৎ ২২ মার্চ নয়টি ইউনিয়ন পরিষদের ভোট নেওয়া হবে। এতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২ মার্চ এবং প্রতীক বরাদ্দ হবে ৩ মার্চ।