বেড়ায় যুবলীগের হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার নগরবাড়ীতে পুরানভারেঙ্গা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার আধা বেলা হরতাল পালিত হয়েছে। পুরানভারেঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়।
যুবলীগের কয়েকজন নেতা-কর্মীর সূত্রে জানা যায়, ইউনিয়ন যুবলীগের সম্পাদক ও নগরবাড়ী ঘাটের সার ব্যবসায়ী জিয়াউর রহমান গত শনিবার বিকেলে মোটরসাইকেলে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে আসার পথে রঘুনাথপুরে হামলার শিকার হন। ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জিয়াউরকে মারাত্মক আহত করে। তাঁর স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে পাবনা সদর হাসপাতাল ও পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় জিয়াউরের ভাই আক্তার হোসেন থানায় মামলা করেন।
এ ঘটনার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে বুধবার বিকেলে স্থানীয় ইউনিয়ন যুবলীগ নগরবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। ওই দিন বিক্ষোভ মিছিল শেষে গতকাল আধা বেলা হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়। সেই মোতাবেক গতকাল নগরবাড়ীতে হরতাল পালিত হয়। হরতাল পালনের সময় দুপুর ১২টা পর্যন্ত দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ ছিল।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড এম তাজুল হুদা বলেন, ‘যাদের নামে মামলা হয়েছিল, তারা আদালতে হাজিরা দিয়ে জামিন নিয়েছে। তাদের গ্রেপ্তারের বিষয়টি এখন আমাদের এখতিয়ারের বাইরে। হরতালে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’