সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যাঁরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন, তাঁদের সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, গোয়েন্দা প্রতিবেদনসহ বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য পরীক্ষা ও যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। এ সময় জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, প্রাথমিকভাবে তাঁরা যে তথ্য পেয়েছেন তাতে প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে ১০-১৫ জন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত ও অবসর-উত্তর ছুটিতে থাকা কয়েকজন কর্মকর্তাও সেখানে গিয়েছিলেন। ফলে প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আর এ ক্ষেত্রে একেকজনের বিষয়ে একেক ধরনের ব্যবস্থা নেওয়া হবে। যাঁরা চাকরিতে আছেন তাঁদের একধরনের ব্যবস্থা হবে, আবার যাঁরা অবসর-উত্তর ছুটিতে আছেন, তাঁদের বিষয়ে আরেক ধরনের ব্যবস্থা হবে।
প্রতিমন্ত্রী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করা হয়নি। তবে কমিটি গঠনের আগে যেসব প্রাথমিক কাজ করা প্রয়োজন, তা জনপ্রশাসন মন্ত্রণালয় করছে। তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ ধরনের আচরণ কাম্য নয়। তাঁরা শৃঙ্খলা ভাঙতে পারেন না। তাই সরকারি কর্মচারী আচরণবিধি অনুযায়ী তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, তা খতিয়ে দেখা হচ্ছে। এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, কারা সেখানে গিয়েছিলেন এবং ঘটনার সত্যতা কতটুকু—তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
সাবেক ও বর্তমান কিছুসংখ্যক সরকারি কর্মকর্তা-কর্মচারী গত বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে বৈঠক করেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত। যদিও বিএনপি এ ধরনের বৈঠকের কথা অস্বীকার করে আসছে।