বৈঠকে খালেদার বাসায় ফেরাকে স্বাগত জানালেন গিবসন

‘অস্থিরতা কমাতে’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় ফিরে যাওয়াকে স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন। আজ বুধবার যুক্তরাজ্য হাইকমিশেনর এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
আজ বিকেল পাঁচটার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় যান রবার্ট গিবসন। খালেদা জিয়ার সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন তিনি।
দীর্ঘ তিন মাস কার্যালয়ে অবস্থান করার পর গত রোববার গুলশানের বাসায় যান খালেদা জিয়া। এরপর আজই প্রথম কোনো কূটনীতিক তাঁর সঙ্গে দেখা করলেন।
বৈঠক শেষে যুক্তরাজ্য হাইকমিশনের এক বিবৃতিতে আরও জানানো হয়, সাক্ষাৎকালে সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রতি বিএনপির সমর্থন দেওয়া এবং এর মাধ্যমে প্রার্থী বাছাইয়ে ভোটারদের প্রকৃত গণতান্ত্রিক সুযোগ করে দেওয়াকে স্বাগত জানান গিবসন। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনী প্রচার হবে সহিংসতামুক্ত। পরিপূর্ণভাবে আইন ও বিধিবিধান প্রয়োগের দায়িত্ব নির্বাচন কমিশনের। এর আলোকে নির্বাচন কমিশন যথাযথ ভূমিকা রাখবে বলেও তিনি আশা করেন।
সাধারণত প্রভাবশালী কূটনীতিকদের সাক্ষাতের বিষয় আগে থেকে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়। কিন্তু আজকের বিষয়টি আগে থেকে জানানো হয়নি।
বৈঠকে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে তাঁর উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ এবং দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান উপস্থিত ছিলেন।