বোচাগঞ্জে চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নে দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন নাফানগর ইউপিতে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক আফসার আলী, ইশানিয়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য উৎপল রায়, মুশিদহাটে বর্তমান চেয়ারম্যান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. জাফরুল্লাহ, আটগাঁওয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, ছাতইলে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান এবং রণগাঁওয়ের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান।
একাধিক নেতা-কর্মী প্রথম আলোকে বলেছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের উপস্থিতিতে স্ব স্ব ইউনিয়নের নির্বাহী কমিটির পরিচালনায় ১৯ ও ২০ ফেব্রুয়ারি পৃথক বৈঠকে একাধিক মনোনয়নপ্রত্যাশীর মধ্য থেকে একজন করে প্রার্থীকে বাছাই করে স্থানীয়ভাবে দলীয় মনোনয়ন দেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সৈয়দ আলী গতকাল সোমবার বলেন, ‘আমরা প্রথমে আলোচনার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের চেষ্টা করি। শেষ পর্যন্ত সম্ভব না হওয়ায় গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আমি মনোনীত প্রার্থীর তালিকা কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি।’
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৩১ মার্চ উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ মার্চ। যাচাই-বাছাই হবে ৫ ও ৬ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ।