বোমা থেকে বাঁচতে গিয়ে ট্রাকচাপায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চলমান অবরোধ কর্মসূচির মধ্যে সহিংসতার ঘটনায় নিহত ব্যক্তিদের সংখ্যা গতকাল বুধবার আরও তিনজন বেড়েছে। তাঁদের মধ্যে চাঁদপুরে পেট্রলবোমার হাত থেকে বাঁচতে গিয়ে ট্রাকচাপায় পড়ে নিহত হয়েছেন চালকের সহকারী। রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন এক কলেজশিক্ষক। তিনি জামায়াতের কর্মী। অবরোধে এ নিয়ে কথিত বন্দুকযুদ্ধের ঘটনাগুলোতে মারা গেলেন সাতজন। চট্টগ্রামে ককটেল ছোড়ার সময় আহত হয়ে চিকিৎসাধীন ছাত্রশিবিরের এক কর্মী ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। রাজধানীতে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া ককটেল বিস্ফোরণ ও পেট্রলবোমায় সহকারী জজসহ (নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ) তিন ব্যক্তি দগ্ধ হয়েছেন।
গতকাল মাগুরায় দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় একজন ট্রাকচালক ও তাঁর সহকারী দগ্ধ হয়েছেন। কুমিল্লায় আগুন দেওয়া হয়েছে একটি বাস ও ট্রাকে। নরসিংদীতে পাঁচটি পেট্রলবোমাসহ আটক করা হয়েছে এক তরুণকে।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধের গতকাল ছিল ২৩তম দিন। এদিন রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চারটি যানবাহনে দেওয়া হয় আগুন। নাশকতার আশঙ্কা, সহিংসতায় জড়িত থাকার অভিযোগ, মামলা ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয় ৩২২ জনকে।
গত বছরের ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে ৬ জানুয়ারি থেকে টানা এ অবরোধ চলছে। তবে সহিংসতার শুরু এর দুই দিন আগে থেকেই। গত ২৫ দিনে সহিংসতায় নিহত হয়েছেন ৪১ জন। আগুন দেওয়া হয় ৩৪২টি যানবাহনে এবং ভাঙচুর করা হয় ৪৩১টি।

১৩ জেলায় হরতাল আজ:
ঢাকা ও এর আশপাশের আট জেলা ছাড়াও আরও চারটি জেলায় আজ বৃহস্পতিবার হরতাল ডেকেছে ২০-দলীয় জোট। ঢাকা ছাড়া অন্য জেলাগুলো হলো গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নাটোর, ফেনী, লক্ষ্মীপুর ও সুনামগঞ্জ।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের জ্যেষ্ঠ নেতাদের নামে মামলা, নির্যাতন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে রিমান্ডে নেওয়া ও জোটের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।
গতকাল বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের বরাত দিয়ে বিএনপির চেয়াপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শাইরুল কবির খান প্রথম আলোকে ঢাকা ও এর আশপাশের আটটি জেলায় হরতাল ডাকার তথ্য জানান। ঢাকা মহানগরও এ হরতালের আওতায় থাকবে। বাকি চারটি জেলার মধ্যে লক্ষ্মীপুরে হরতাল ডেকেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

রাজধানীর চিত্র:
রাজধানীর গুলিস্তানে গোলাপ শাহ মাজারের কাছে রাত আটটার দিকে যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় যাত্রীরা দ্রুত নিরাপদে নেমে পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নেভাতে গিয়ে ঝর্ণা বেগম নামে এক নারীর হাত পুড়ে যায়।
এ ছাড়া নগরে পৃথক ঘটনায় ককটেল বিস্ফোরণ ও পেট্রলবোমায় সহকারী জজসহ (নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ) তিন ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত সাড়ে আটটার দিকে পল্লবীর লালমাটি এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় সহকারী জজ আসাদুজ্জামান (২৫) দগ্ধ হন।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক বলেন, আসাদুজ্জামানের শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে।
রাত সোয়া আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে ককটেলের বিস্ফোরণে মোহাম্মদ আলী (৪০) নামের এক রিকশাচালক আহত হন। ককটেলের আঘাতে তাঁর পা ঝলসে গেছে। প্রায় একই সময় সুরিটোলা উচ্চবিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে নাসিরউদ্দিন গাজী (৩০) নামের এক দিনমজুর আহত হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গতকাল বেলা দেড়টার দিকে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

ঢাকার বাইরের চিত্র:
রাজশাহীতে গত মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন জামায়াতের কর্মী নূরুল ইসলাম ওরফে শাহীন (৪০)। তাঁর পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাঁকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। নিহত নূরুল বিনোদপুরে ইসলামিয়া কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক।
এদিকে নূরুল ইসলামকে হত্যার প্রতিবাদে রাজশাহী বিভাগের আট জেলায় আগামী শনিবার ভোর ছয়টা থেকে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াত। একই সঙ্গে কাল শুক্রবার বিভাগীয় জেলাগুলোতে দোয়া দিবসের কর্মসূচি ঘোষণা করা হয়।
অবরোধের সহিংসতায় গতকাল মারা যাওয়া অপর ব্যক্তি হলেন শিবিরের কর্মী সাকিবুল ইসলাম। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে ঢাকার অ্যাপোলো হাসপাতালে মারা গেছেন তিনি। ২০ জানুয়ারি চট্টগ্রামের কদমতলী এলাকায় ককটেল ছুড়তে গিয়ে তিনি গুরুতর আহত হয়েছিলেন।
পুলিশ সূত্র জানায়, নিহত সাকিবুল ইসলামের গ্রামের বাড়ি দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা এলাকায়। গুরুতর আহত সাকিবুলকে প্রথমে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।
চাঁদপুরের ঘোষেরহাটের বটতলা এলাকায় পেট্রলবোমা থেকে বাঁচতে ট্রাক থেকে নামতে গিয়ে চলন্ত ট্রাকচাপায় নিহত হন চালকের সহকারী মোতালেব (৪০)। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে টাইলস নিয়ে ট্রাকটি চাঁদপুর শহরের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকে চালক, মালিক ও সহকারী ছিলেন। ঘোষেরহাটের বটতলার কাছে পৌঁছালে দুর্বৃত্তরা ট্রাকটিকে লক্ষ্য করে একটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ট্রাকচালক ও মালিক ডান দিক দিয়ে দ্রুত বের হতে সক্ষম হন। আর মোতালেব বাঁ দিক দিয়ে নামতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। ট্রাকচালক ও মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না।
মাগুরার শালিখা উপজেলায় দুর্বৃত্তদের পেট্রলবোমায় দগ্ধ হয়েছেন এক ট্রাকচালক ও তাঁর সহকারী। মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে শালিখা থানার পাশে মাগুরা-যশোর সড়কে এই হামলা চালানো হয়। দগ্ধ দুজন হলেন চালক মো. মিলন (৩৫) ও সহকারী ইমারুল শেখ (১৮)। তাঁদের উভয়ের বাড়ি যশোরের শার্শা উপজেলার নারায়ণপুর গ্রামে। হামলার পর দুজনকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ও পরে যশোর ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে গতকাল দুপুরে চালক মিলনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন মো. মিলন বলেন, ‘বেনাপোল থেকে ট্রাকে আদা বোঝাই করে ঢাকায় যাচ্ছিলাম। আড়পাড়া কলেজের পাশে পৌঁছালে চারজন সামনে থেকে ইট মারতে থাকে। কাছাকাছি যাওয়ার পর পেট্রলবোমা ছুড়ে মারে। মুহূর্তে ট্রাকে আগুন ধরে যায়। গায়ে আগুন নিয়ে ছুটে পাশের পাম্পে যাই।’
কুমিল্লার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় সুগন্ধা পরিবহনের একটি বাসে গতকাল বেলা দেড়টার দিকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন আগুন নেভান। ঘটনার কিছুক্ষণ পর শাসনগাছা এলাকায় আটটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
নরসিংদীতে পাঁচটি পেট্রলবোমাসহ মাসুম মিয়া (২২) নামের এক তরুণকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার মাধবদী সোনার বাংলা সমবায় মার্কেট থেকে তাঁকে আটক করা হয়।
কুমিল্লার দাউদকান্দির রায়পুর বাজারের কাছে গতকাল ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিমেন্টবাহী ট্রাকে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। ট্রাকচালক মনসুর আলী ও তাঁর সহকারী বাতেন মিয়া ট্রাক থেকে লাফিয়ে পড়ে রক্ষা পান।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা}