বোয়ালখালীতে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
একুশের প্রথম প্রহরে উপজেলা শহীদ ওয়াজেদ চত্বরে এ ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার জন্য উভয় পক্ষ পরস্পরকে দায়ী করেছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের দুই পক্ষ একই সঙ্গে ফুল দিতে গেলে ব্যাপক বিশৃঙ্খলা ও হাতাহাতির ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে প্রথমে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের অনুসারী উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদারের নেতৃত্বে শ্রমিকনেতারা শহীদবেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত এস এম আবুল কালামের অনুসারীরা শ্রদ্ধা জানান। এ সময় তাঁদের ধাক্কায় শ্রমিক লীগের দেওয়া পুষ্পস্তবকটি ভেঙে গেলে দুই পক্ষের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। পুলিশ উপজেলা পরিষদের ভেতর থেকে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও বাইরে উপজেলা সদরের সামনে কয়েক দফায় তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।
এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (একাংশ) মুক্তিযোদ্ধা এস এম সেলিম, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম এস আলম ও জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মো. সেলিম, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা শামসুল আলম, রায়হান, মো. জাফর, মো. সোলেমানসহ বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের পর রাত দেড়টার দিকে উপজেলা শ্রমিক লীগ একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে স্থানীয় সাংসদকে অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি আবুল কালাম অনুসারীদের প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।
আবুল কালামের অনুসারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আহমদ হোসেন অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে তাঁদের নেতা-কর্মীদের ওপর লাঠিসোঁটা দিয়ে হামলা চালানো হয়েছে। এ ন্যক্কারজনক ঘটনা তাঁরা রাজনৈতিকভাবে মোকাবিলা করবেন।
উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদারের অভিযোগ, তাঁদের দেওয়া পুষ্পস্তবক অবৈধ কমিটির লোকজন ভাঙচুর করেছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ উপজেলা চত্বরে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটতে দেয়নি। তবে ফুল দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।