বোয়ালখালীতে জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে বিশৃঙ্খলা হাতাহাতি
চট্টগ্রামের বোয়ালখালীতে গতকাল শুক্রবার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে হাতাহাতির ঘটনা ঘটেছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা ভবনের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গৌতম চৌধুরী।
প্রত্যক্ষদর্শীরা বলেন, অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিনের নাম ঘোষণা করা হলেও তাঁর পদবি উল্লেখ করা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে সভাস্থল ত্যাগ করেন নুরুল আমিন। ঘটনাটি জানাজানি হলে নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল করে অনুষ্ঠানস্থলে ঢুকে যান। এ সময় উত্তেজিত নেতা-কর্মীরা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তাঁরা মঞ্চে উঠতে চাইলে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা বাধা দেন। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের মধ্যে হাতাহাতি দেখে উপস্থিত শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় অনেক শিশুকে কান্নাকাটি করতে দেখা গেছে। অনেকে অনুষ্ঠানস্থল ত্যাগ করে। একপর্যায়ে উপজেলা আওয়ামী লীগ অনুষ্ঠানের মঞ্চ নিজেদের নিয়ন্ত্রণে নেয়। পরে পুলিশ এসে মঞ্চ থেকে বেশির ভাগ নেতাকে নামিয়ে দেয়। পরিস্থিতি শান্ত হলে দুপুর ১২টার পর অনুষ্ঠান শুরু হয়। মিলনায়তনের দরজা-জানালা বন্ধ করে অনুষ্ঠান শেষ করা হয়। এদিকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা উপজেলা চত্বরে অবস্থান করেন।
পুলিশ জানায়, অনুষ্ঠানস্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাংসদ মইন উদ্দীন খান বাদলকে ঘিরে রাখে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘দলীয় নেতা-কর্মীদের অপমান করে অনুষ্ঠান পরিচালনা করছিল উপজেলা প্রশাসন। উপস্থাপক আমার পদবি বাদ দিয়ে কেবল আওয়ামী লীগের নেতা সম্বোধন করলে উপস্থিত নেতা-কর্মীরা প্রতিবাদ জানান। আমি উপজেলা আওয়ামী লীগের প্রতিনিধি হয়েই উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে এসেছিলাম।’
বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আখতার বলেন, সঞ্চালকের একটি ভুলের কারণে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করা হয়েছে।