ব্যক্তিগত পকেট ভারী করার দিন শেষ হয়ে আসছে: যুবলীগ চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ ফজলে শামস পরশ
ফাইল ছবি

সাধারণ, গরিব-দুঃখী ও অসহায় মানুষের জন্য রাজনীতি করতে নেতা–কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, ব্যক্তিগত পকেট ভারী করার দিন শেষ হয়ে আসছে। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করার দিনও শেষ হয়ে আসছে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে আজ মঙ্গলবার বিকেলে রাজধানী ঢাকায় যাত্রাবাড়ীর দনিয়া মাঠে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন যুবলীগের চেয়ারম্যান।

শেখ ফজলে শামস বলেন, সারা বাংলাদেশে যুবলীগের নেতারা গরিব-দুঃখী, অসহায় মানুষের পাশে খাদ্যসহায়তা নিয়ে দাঁড়িয়েছেন। এটা ত্রাণ নয়, এটা উপহার। তিনি উপস্থিত শীতার্ত মানুষের উদ্দেশে বলেন, ‘আপনাদের অধিকার আছে সম্মান পাওয়ার, আপনাদের অধিকার আছে এ দেশের সম্পদের ওপর।’

যুবলীগ চেয়ারম্যান বলেন, মধ্যম আয়ের দেশ হিসেবে সব সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু নিজ ও নিজের পরিবারের জন্য ভাবলে হবে না। সমাজের সবার জন্য ভাবতে হবে, প্রতিবেশীদের জন্য ভাবতে হবে, ভাবতে হবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সাংসদ কাজী মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন, সঞ্চালনা করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম।