ব্যবস্থাপনা কমিটির নির্বাচন নিয়ে বিএনপির দুই পক্ষ মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ঘিরে বিএনপির রাজনীতিতে হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে দীর্ঘদিনের কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে। অনেকে এ অবস্থায় সংঘর্ষের আশঙ্কা করছেন।
এক পক্ষের নেতৃত্বে রয়েছেন পৌর মেয়র ও জেলা বিএনপির সদস্য মতিয়ার রহমান। তিনি ওই বিদ্যালয়ের বর্তমান ব্যবস্থাপনা কমিটির সভাপতি। আর আরেক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম।
বিদ্যালয় কর্তৃপক্ষ, স্থানীয় বিএনপি ও সাত-আটজন অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৭ জুন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্যের চারটি পদে ও সংরক্ষিত নারী সদস্যের একটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৬৭৫ জন। পরে এসব নির্বাচিত সদস্য ও শিক্ষক প্রতিনিধির ভোটে সভাপতি নির্বাচিত হবেন।
এই সভাপতি পদ নিয়ে ওই দুই নেতার দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। দুজনই সভাপতি হতে চাইছেন। এ জন্য নিজ অনুসারীদের নিয়ে প্যানেল তৈরি করে জয়লাভের জন্য সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছেন। নির্বাচনের প্রস্তুতি হিসেবে মীর শাহে আলম ও মতিয়ার রহমান তৃণমূল পর্যায়ের বিএনপির অনুসারী নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে পৃথকভাবে কৌশল নির্ধারণী সভা করে মাঠে নেমে পড়েছেন। নিজেদের শক্তি-সামর্থ্য জাহির করতে নানাভাবে চলছে আয়োজন। রাত-দিন চলছে প্রচারণা। জাতীয় বা স্থানীয় সরকারের আদলে মোটরসাইকেল, কার বা মাইক্রোবাস নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন কর্মীরা। অবাধে টাকা বিলানোর অভিযোগ উঠেছে। অনেকে গ্রামে গ্রামে ভোটারদের যাতে করে কেউ এসে টাকা দিতে না পারে, সে জন্য রাতভর পাহারা বসিয়েছেন। পোস্টারে ছেয়ে গেছে শহর।
বিএনপির চার-পাঁচজন কর্মী জানান, এই দুই নেতার মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। গত উপজেলা নির্বাচনেও এই দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এবার আসন্ন পৌরসভা নির্বাচনেও এ দুজন মেয়র পদে লড়বেন বলে প্রচারণা রয়েছে। তাই এ নির্বাচন নিছক শুধু বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন নয়। মর্যাদার বিষয় হিসেবে দাঁড়িয়েছে। এ উপজেলায় বিএনপির রাজনীতির নেতৃত্ব কে দেবেন, আগামী পৌরসভা নির্বাচনে ওই দুই নেতার কী অবস্থান হবে—এমন অনেক কিছুর হিসাব মিলবে এ নির্বাচনে। তাই উভয় পক্ষ জয়লাভ করতে সর্বোচ্চ তৎপর হয়ে উঠেছেন।
তবে বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র দাবি করেছে, বিএনপির রাজনীতিতে প্রভাব বিস্তারের পাশাপাশি এ বিদ্যালয়ে আগামী দুই বছরে পাঁচ থেকে ছয়টি শিক্ষক নিয়োগ হবে। এতে প্রায় ৭০ লাখ টাকার নিয়োগ-বাণিজ্য হবে। এটাও নির্বাচন জমে ওঠার একটা বড় কারণ।
ভোটার সামছুল ইসলাম (৫৫) বলেন, ‘এ বিদ্যালয়ে এর আগে এমন জমজমাট নির্বাচন দেখা যায়নি। বিএনপির নেতা-কর্মীরা দুই পক্ষে বিভক্ত হয়ে দিন-রাত ভোটারদের বাড়ি বাড়ি ঘুরছেন। টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।’
মীর শাহে আলম তাঁর প্যানেল শতভাগ জয়লাভ করবে জানিয়ে বলেন, ‘বর্তমান কমিটি শিক্ষক নিয়োগের নামে অনুদান (ডোনেশন) নিয়ে সেই টাকা তছরুপ করেছে। এ কারণে মানুষ পরিবর্তন চান। দুর্নীতির কবল থেকে বিদ্যালয়কে রক্ষা করতে ভোটাররা আমার প্যানেলেই ভোট দেবেন বলে আশা করি।’
মতিয়ার রহমান দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার সময়ে বিদ্যালয়ে শিক্ষার মান অনেক বেড়েছে। আমি লেখাপড়ার জন্য বিদ্যালয়ে সুষ্ঠু একটি পরিবেশ ফিরিয়ে আনতে পেরেছি। এ যাত্রা অব্যাহত রাখতে ভোটাররা আমার প্যানেলেই ভোট দেবেন।’