ব্যর্থতা এলে তাঁরা অন্যের ওপর দোষ চাপান: ফখরুল
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যার পর নিউইয়র্কে বিএনপি-জামায়াতকে জড়িয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপানোর চেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকেরা প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াতকে জঙ্গিসংগঠন বলে এ পরিস্থিতির জন্য দায়ী করেছেন। জবাবে ফখরুল বলেন, ‘এ ধরনের কথাবার্তা ওনারা সব সময় বলে থাকেন। যখন ব্যর্থতা আসে, তখন অন্যের ওপর দোষ চাপিয়ে তাঁরা দায়িত্ব এড়িয়ে যেতে চান। উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করেন।’ এ সময় মির্জা ফখরুল জঙ্গিবাদ নিয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পরস্পরবিরোধী বক্তব্যের উল্লেখ করে বলেন, ‘একদিকে তাঁদের কেউ বলছেন জঙ্গিবাদ আছে, আবার অনেকে বলেন নেই। এটা কনট্রাডিকটরি। আজকের এ অবস্থা তাঁরাই তৈরি করেছেন।’
কারাবাস এবং সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে নয় মাস পর মির্জা ফখরুল ইসলাম গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। এ সময় দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপনসহ উপস্থিত নেতারা তাঁকে স্বাগত জানান। পরে তিনি দেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের ওপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
আরেক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আজ দেশে যা কিছু সমস্যা তৈরি হয়েছে, তার কারণ সুশাসনের অভাব, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের অভাব ও গণতন্ত্রের বড় অভাব। এসব কারণে বিদেশি নাগরিক হত্যার ঘটনা ঘটেছে। এর থেকে উত্তরণে প্রয়োজন গণতান্ত্রিক স্পেস তৈরি করা, জনগণের সরকার প্রতিষ্ঠা করা। তিনি ইতালীয় নাগরিক হত্যার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, যাঁরা এত দিন জঙ্গিবাদের জিকির তুলেছেন, আজকের পরিস্থিতির জন্য তাঁরাই দায়ী। বিএনপি বিশ্বাস করে, বাংলাদেশে জঙ্গিবাদ নেই। এখন যে চ্যালেঞ্জ দেশের সামনে এসেছে, তা মোকাবিলায় তিনি জাতীয় ঐকমত্য সৃষ্টির আহ্বান জানান।
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার প্রশ্ন তোলার পরপরই ইতালীয় নাগরিক হত্যার ঘটনা ঘটেছে। এ দুটোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, জানতে চাইলে রিপন বলেন, বিএনপি সবকিছুতে ষড়যন্ত্র খোঁজার চেষ্টা করে না। বিএনপি মনে করতে চায়, এটি বিচ্ছিন্ন ঘটনা। তিনি এ ব্যাপারে সরকারকে যথাযথ তদন্ত করার আহ্বান জানান।