ব্যর্থতা ঢাকতে জিয়া পরিবারের বিরুদ্ধে সরকারের মিথ্যাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তাঁর পরিবার ও দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে। জিয়া পরিবারের বিদেশে টাকা পাচারের ভুয়া কথা প্রচার করছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, ‘অবৈধভাবে ক্ষমতা দখলকারী প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের বিদেশে টাকা পাচারের বিষয়ে তদন্ত হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যাচার। এ মিথ্যাচারের জন্য তাঁকে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি।’

বিএনপির মহাসচিব বলেন, সুশাসন প্রতিষ্ঠা, অর্থনীতির গতিসঞ্চার, বন্যা-পরবর্তী সংকট মোকাবিলা, বেহাল সড়ক সচল করা, রাখাইনে গণহত্যা ও রোহিঙ্গাদের বিতাড়নের নিন্দা জানাতে ব্যর্থতা এবং চালের দাম কমাতে সম্পূর্ণ ব্যর্থতা ঢাকতেই সরকার খালেদা জিয়াসহ দলের নেতাদের নামে মিথ্যাচার করছে।

দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে তাঁর বাড়িতে দুর্গাপূজার প্রস্তুতি সভায় বাধা দেওয়ার অভিযোগ করেন বিএনপির মহাসচিব।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বুধবার সংসদে বিএনপি ও আমার নামে সম্পদের যেসব তথ্য দেওয়া হয়েছে, তা মিথ্যা ও বানোয়াট। এর রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে বিএনপিকে ঘায়েল করা এবং বিএনপি নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা।’ তিনি বলেন, ‘মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডায় বিএনপি নেতাদের যে সেকেন্ড হোম আছে, তার তালিকা প্রকাশ করুন। চ্যালেঞ্জ করছি, আমাদের বিরুদ্ধে এসব কল্পকাহিনির সত্যতা গত ১০ বছর প্রমাণ করতে পারেনি, এখনো পারবে না।’

সিঙ্গাপুরে ফ্ল্যাট থাকা ‘ডাহা মিথ্যা’

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান গতকাল কক্সবাজার থেকে মুঠোফোনে সিঙ্গাপুরে তাঁর ফ্ল্যাট থাকার তথ্যকে ‘উদ্ভট’ ও ‘ডাহা মিথ্যা’ বলে অভিহিত করেন। তিনি এই মানহানিকর বক্তব্যের তীব্র নিন্দা জানান।

নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘ভোটারবিহীন নির্বাচনে জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমাম সিঙ্গাপুরে আমার ফ্ল্যাট আছে বলে জাতীয় সংসদে মিথ্যাচার করেছেন। তাঁর এ বক্তব্য মানহানিকর। আমি তাঁর এ বক্তব্যকে চ্যালেঞ্জ করছি।’

এ বিষয়ে জানতে চাইলে ফখরুল ইমাম প্রথম আলোকে বলেন, ‘তথ্যটি আমার নয়। এটি গ্লোবাল ইনটেলিজেন্স নেটওয়ার্কের (জিআইএন) একটি প্রতিবেদন। আমি কেবল এটি সংসদে পড়ে শুনিয়েছি।’