পাবনার সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। এরই মধ্যে আওয়ামী লীগের প্রার্থী প্রচারণা শুরু করেছেন। দলটির নেতা-কর্মীরাও ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে ভোটের মাঠে বিএনপির প্রার্থী ও নেতা-কর্মীদের এখনো সক্রিয় হতে দেখা যায়নি। নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মধ্যেও নেই তেমন কোনো আগ্রহ। সরেজমিন ঘুরে এ চিত্র দেখা গেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের অক্টোবরে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বার্ধক্যজনিত কারণে মারা যান। পরে চেয়ারম্যান পদে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিলে আগামী ৬ মার্চ ভোট গ্রহণের দিন ধার্য হয়েছে। চলতি মাসের ৮ তারিখে মনোনয়নপত্র তোলার শেষ দিনে মোট তিনজন প্রার্থী মনোনয়নপত্র তোলেন। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাদের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন ও সুজানগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহীনুজ্জামান। গত শনিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে শাহীনুজ্জামান প্রার্থিতা প্রত্যাহার করে নেন। গত রোববার প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়।
আওয়ামী লীগ ও বিএনপির দলীয় সূত্রে জানা যায়, তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ থেকে আবদুল কাদের ও বিএনপি থেকে হাজারী জাকির হোসেনকে মনোনয়ন দেওয়া হয়। বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা বিষয়টি মেনে নেন। তবে আওয়ামী লীগের নেতা শাহীনুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে জনসংযোগ শুরু করেন। পরে দলের ঊর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, সুজানগরের রাজনীতিতে বিএনপি বেশ কিছুদিন ধরেই নিষ্ক্রিয়। দলের অধিকাংশ নেতা-কর্মীই গা-ঢাকা দিয়ে আছেন। দলীয় কর্মসূচিতে তাঁদের সক্রিয় অংশগ্রহণ দেখা যায় না। অন্যদিকে, আগে থেকেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা সক্রিয় ছিলেন।
গতকাল সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের প্রার্থীর পোস্টার সাঁটানো। প্রচারণার কাজে নেতা-কর্মীরা ব্যস্ত। অন্যদিকে, বিএনপির প্রার্থীর পোস্টার চোখে পড়েনি। দলটির নেতা-কর্মীদের এক-দুজনের দেখা মিললেও তাঁরা চুপচাপ।
উপজেলার মানিকহাট গ্রামের আবদুল আজিজ বলেন, আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা মাঠ গরম করছেন, কিন্তু বিএনপির কাউকে তেমন দেখা যাচ্ছে না। তাই নির্বাচনও জমছে না।
শড়িরভিটা গ্রামের নার্গিস আক্তার বলেন, ‘শুনতেছি ভোট হবি, কিন্তু কেউ ভোট চাবের আসে নাই। ভোটের দিন সুময় পালি ভোট দিয়ে আসপোনে।’
উপজেলা বিএনপির শীর্ষ এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নির্বাচন নিয়ে বিএনপির প্রার্থীর নিজেরই কোনো আগ্রহ নেই। তিনি মাঠে নামছেন না। তাই নেতা-কর্মীরাও আগ্রহ দেখাচ্ছেন না।
এ প্রসঙ্গে জানতে বিএনপির প্রার্থী হাজারী জাকির হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ক্ষমতাসীনদের দাপটে বিএনপির নেতা-কর্মীরা মাঠে নামতে পারছেন না। তবে ভেতরে-ভেতরে কাজ চলছে। যত বাধাই আসুক, বিএনপি নির্বাচনে থাকবে।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোজাম্মেল হক বলেন, আনন্দঘন পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। কোনো অভিযোগও পাওয়া যায়নি।