ব্যাংকঋণের জামিনদার হয়ে প্রার্থী বিপাকে
পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী শেখ মো. মাইনুল ইসলাম মান্নান ব্যাংকঋণের জামিনদার হয়ে বিপাকে পড়েছেন।
৬ ডিসেম্বর কুয়াকাটা পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল কবীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ ঘোষণা করলেও অগ্রণী ব্যাংক কুয়াকাটা শাখার দ্বিতীয় কর্মকর্তা মো. বশির উদ্দিন পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে এর বিরুদ্ধে আপিল করেন।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবুবকর সিদ্দিক জানান, পটুয়াখালী জেলা প্রশাসক গতকাল বুধবার আপিল শুনানি করেন। বৃহস্পতিবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
শেখ মো. মাইনুল ইসলাম মান্নান বলেন, তিনি যাঁদের জামিনদার হয়েছেন, তাঁদের মধ্যে ছয়জন প্রায় সাত লাখ টাকা খেলাপি হয়েছেন বলে জানতে পেরেছেন। তবে ব্যাংক থেকে এর আগে তাঁকে কোনো নোটিশ করা হয়নি। অগ্রণী ব্যাংক কুয়াকাটা শাখার ব্যবস্থাপক মো. সেলিম রেজা বলেন, খেলাপি ঋণের টাকা আদায়ের জন্য তাঁরা নির্বাচন কমিশনে এ আপিল করেছেন।