ব্যানার লাগাতে 'দখলবাজি'

২৯ নভেম্বর কুমিল্লায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভাকে কেন্দ্র করে টাউন হল মাঠের আশপাশে ব্যানার ও ফেস্টুন টানানোর জায়গা ‘দখল’ নিয়ে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে। এই মাঠেই ওই দিন বেলা তিনটায় জনসভার আয়োজন করা হয়েছে।
টাউন হল মাঠের আশপাশে বিভিন্ন ভবনের গায়ে ‘দখলে’ ব্যানার লিখে জায়গা নিয়েছে জেলা বিএনপি, লাকসাম উপজেলা বিএনপি ও মহানগর শ্রমিক দল। উদ্ভূত পরিস্থিতিতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতা-কর্মীরা উৎকণ্ঠায় রয়েছেন। এ নিয়ে সংঘাত এড়াতে শিগগিরই বৈঠক করে দলটি ব্যবস্থা নেবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় টাউন হল মাঠ ও এর আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, মাঠের পশ্চিম পাশে অবস্থিত কুমিল্লা টাউন হল সুপার মার্কেটে কুমিল্লা জেলা বিএনপির তিনটি ব্যানার লাগিয়ে জায়গা দখলে নেওয়া হয়েছে। টাউন হল প্রধান ফটকের দক্ষিণ পাশে আলী ম্যানশন ভবনে ‘দখলে আবুল কালাম, ভারপ্রাপ্ত সভাপতি, লাকসাম উপজেলা বিএনপি’ লেখা ফেস্টুন ঝুলছে। এর পাশে হোটেল টমবয় ভবনের দেয়ালে জেলা বিএনপির নামে দখল লেখা ব্যানার রয়েছে। মাঠের পূর্ব পাশে সুতা টেনে ‘দখলে কুমিল্লা মহানগর শ্রমিক দল’ লিখে লেমেনেটিং করা চারটি কাগজ ঝোলানো হয়েছে। দলীয় চেয়ারপারসন ও জনসভায় আসা নেতা-কর্মীদের নজর কাড়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরা এমন উদ্যোগ নিয়েছেন।
এদিকে খালেদা জিয়ার কুমিল্লা আগমন উপলক্ষে বিএনপির নেতা-কর্মীরা এখন বেশ সরব। পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে নগরের জনবহুল এলাকাগুলো।
বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও কুমিল্লা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মো. কাইমুল হক ওরফে রিংকুর নামে শহরে অসংখ্য ফেস্টুন লাগানো হয়েছে। তার ওপর প্রতিদিনই চলছে খণ্ড খণ্ড মিছিল। হরতাল ও অবরোধে তাঁদের অনেকের দেখা না মিললেও নেত্রীর অনুষ্ঠানকে কেন্দ্র করে কর্মীরা বেশ তৎপর।
জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, ‘কার ব্যানার ও ফেস্টুন কোথায় লাগবে, তা সবাই মিলে বসে সিদ্ধান্ত নেবে। কারা “দখলে” লিখছে তা আমার জানা নেই। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ কোনো কিছু করতে পারবে না।’