ব্যানারে 'শিবির হটাও ছাত্রদল বাঁচাও' লেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিবির হটাও-ছাত্রদল বাঁচাও’ এ ব্যানার সাঁটিয়ে সিলেটে নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সভা করেছেন ছাত্রদলের পদ না পাওয়া নেতারা। গতকাল মঙ্গলবার দুপুর থেকে নগরের কুমারপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে ওই সভায় তাঁরা দল থেকে পদত্যাগ করার প্রস্তুতি নেন।

বিকেলে সভায় গিয়ে হাজির হন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা। তাঁরা সভায় একাত্ম হওয়া ছাত্রদলের নেতা-কর্মীদের বুঝিয়ে পদত্যাগের অবস্থান ত্যাগ করান। সার্বিক পরিস্থিতি কেন্দ্রকে জানিয়ে সমঝোতার উদ্যোগ নেওয়ার আশ্বাসের মধ্য দিয়ে সভা শেষ হয়।

সিলেটে নগর ও জেলা ছাত্রদলের আট সদস্যবিশিষ্ট কমিটি গত বৃহস্পতিবার কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। কমিটিতে নিষ্ক্রিয় ও ছাত্রশিবির থেকে ছাত্রদলে যোগদান করা ব্যক্তিরাও পদ পেয়েছেন অভিযোগ তুলে ছাত্রদলের একটি অংশ গত শুক্রবার থেকে অব্যাহতভাবে বিক্ষোভ করে।

গতকাল ‘শিবির হটাও-ছাত্রদল বাঁচাও’ ব্যানারে সভায় মিলিত হয়ে তাঁদের মধ্য থেকে নতুন কমিটিতে পদ পাওয়া চারজন পদত্যাগের প্রস্তুতি নিলে মেয়রসহ বিএনপির নেতারা সেখানে যান। কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সভাপতি এম এ হক, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী, জেলা বিএনপির আহ্বায়ক নূরুল হক, যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিম, আবদুল গফ্ফার ও জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আবদুর রাজ্জাকসহ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা ক্ষুব্ধ নেতাদের কথা শুনে বিষয়টি কেন্দ্রকে জানানোর আশ্বাস দেন।

মেয়র বলেন, তাঁদের (পদ না পাওয়া ছাত্রদল নেতারা) যে দাবি তা নিয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর পত্নী তাহসিনা রুশদীরসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি মিটমাট করার পথ বের করা হবে। এ পর্যন্ত তাঁদের কোনো কর্মসূচি না দিতে বলা হয়েছে।