ব্যানার-ফেস্টুনে ঢাকা খুলনার সৌন্দর্য

শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুনে ঢাকা পড়েছে খুলনা নগরের সৌন্দর্য। অধিকাংশ সৌন্দর্যবর্ধনের স্থাপনা ছেয়ে গেছে রাজনৈতিক নেতাদের প্রচারণায়। খুলনা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে এসব শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছিল। ওই সম্মেলন হয় গত ২৯ নভেম্বর।
গতকাল বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, সৌন্দর্যবর্ধনের স্থান নগরের পয়লাপোতা, রয়েল চত্বর, শিববাড়ির মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানগুলো শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুনে ঢাকা রয়েছে। তা ছাড়া কেডিএ সড়ক, পুরাতন যশোর লোয়ার সড়ক, মজিদ সরণিসহ ছোট-বড় সড়কের দুই পাশে ও সড়ক বিভাজনেও শোভা পাচ্ছে মহানগর সভাপতি তালুকদার আবদুল খালেক, সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান, সদর থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, মহানগর যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমানসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের শুভেচ্ছাসংবলিত ফেস্টুন ও ব্যানার।
কথা হয় ময়লাপোতার মোড় দিয়ে চলাচলকারী নগর বাসিন্দা আতিকুর রহমানের সঙ্গে। তিনি অভিযোগ করেন, নগরের মধ্যে সৌন্দর্য বলতে তেমন কিছু নেই। বড় মোড়গুলোতে কিছু সৌন্দর্যময় যেসব স্থাপনা করা হয়েছে, তা বছরের বেশির ভাগ সময়ই রাজনৈতিক নেতারা প্রচারণা সামগ্রীতে ঢেকে রাখেন।
খুলনা সচেতন নাগরিক কমিটির সহসভাপতি ও খুলনা নাগরিক ফোরামের সভাপতি শেখ আবদুল কাইয়ুম বলেন, যেকোনো ধর্মীয় অনুষ্ঠানসহ রাজনৈতিক প্রোগ্রাম এলেই রাজনৈতিক দলগুলো ফুটপাত, আইল্যান্ডসহ সৌন্দর্যবর্ধনের স্থানগুলো ঢেকে প্রচার-প্রচারণা চালায়। এটা দুর্ভাগ্যজনক। এ ব্যাপারে সিটি করপোরেশন থেকে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু তারা কোনো উদ্যোগ নিচ্ছে না। তাদের চিঠি দিয়ে এ ব্যাপারে নিষেধ করা উচিত।
জানতে চাইলে খুলনা সিটি করপোরেশনের জ্যেষ্ঠ লাইসেন্স কর্মকর্তা মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রতিদিনই এগুলো খুলছি। কিন্তু বিশেষ রাজনৈতিক ফেস্টুন ও ব্যানার খুলছি না। রাজনৈতিক ফেস্টুন ও ব্যানারগুলো খুলতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগে। আমরা সেদিকে চেয়ে আছি। অনুমতি পেলে খুলে ফেলব।’ এ বিষয়ে বক্তব্য জানতে সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুজ্জামানের মুঠোফোনে গতকাল বিকেলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘আমাদের শিশু হাসপাতালের পরিচালনা কমিটির নির্বাচন আছে। ওই নির্বাচন হয়ে গেলে আমরা এগুলো খুলে ফেলব।’ আজ ১১ নভেম্বর ওই নির্বাচন হওয়ার কথা রয়েছে।